উচ্ছ্বসিত মেসি, মর্মাহত নেইমার
শুধু বার্সেলোনার হয়ে নয়, দেশের হয়েও খেলতে জানেন! চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে যেন সমালোচকদের এ বার্তাটাই দিলেন আর্জেন্টাইন ‘জাদুকর’ লিওনেল মেসি।ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে তিন গোল। দলের ৪-৩ গোলের জয়। মেসির আনন্দিত হওয়ারই কথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও নিজের উচ্ছ্বাসটা চেপে রাখলেন না মেসি, ‘ব্রাজিলকে হারানোর আনন্দটা সত্যি অন্য রকম। আমার তিন গোলে আমি খুশি।’মেসির বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, বার্সেলোনার হয়ে খেলার সময় যতটা দুরন্ত, দেশের জার্সি গায়ে তিনি ঠিক ততটাই নিষ্প্রভ। পরিসংখ্যান ঘাঁটলে হয়তো এই অভিযোগের সত্যতাও অনেকটা মিলবে। তবে মেসি সব সময়ই বলে এসেছেন, দেশের হয়ে খেলার সময় নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেন তিনি।ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করার পর নিজের মা-বাবাকে ধন্যবাদ জানান মেসি, ‘জাতীয় দলের হয়ে খারাপ সময়গুলো কীভাবে কেটেছে, তাঁদের চেয়ে কেউ বেশি জানেন না। মা-বাবা সব সময়ই আমার পাশে ছিলেন। আমার মতো এখন তাঁরাও নিশ্চয়ই খুশি।’ব্রাজিল-ভক্তদের অনেকে মেসির সঙ্গে নেইমারের তুলনা করে থাকেন। গতকালের ম্যাচের পর এই তুলনাকারীরা থমকে গেছেন—বলার অপেক্ষা রাখে না। মেসির হ্যাটট্রিকের রাতে লড়াই দূরে থাক, শুধুই যে দর্শক হয়ে রইলেন নেইমার!নেইমার অবশ্য সব সময় স্বীকার করেন, মেসির সঙ্গে তুলনায় যাওয়ার যোগ্য তিনি নন। বরং মেসির একজন ভক্ত তিনি। আর্জেন্টাইন জাদুকরের খেলা তিনি উপভোগ করেন। তবে নিউজার্সিতে তাঁর দল ব্রাজিলকে একের পর এক গোল দিয়ে মেসি জর্জরিত করেছেন বলে উপভোগ করার সুযোগ ছিল না নেইমারের। ম্যাচ শেষে ব্রাজিলের উদীয়মান এই তারকার প্রতিক্রিয়া, ‘ব্রাজিল হারায় আমি মর্মাহত। এ ম্যাচে জয় পাওয়ার সুযোগ ছিল আমাদের। আমরা হেরেছি, তবে আমাদের দল ভালো খেলেছে। একপর্যায়ে আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু খেলার শেষের দিকে দুর্ভাগ্যজনকভাবে একটি গোল খেয়ে বসি আমরা এবং হেরে যাই।’ব্রাজিল কোচ মানো মেনেজেস স্বীকার করেন, মেসির দিনে তাঁকে ঠেকানো কঠিন। মেনেজেস বলেন, ‘ওর বিপক্ষে খেলার সমাধান কেউ বের করতে পারেনি। ও চারটি সুযোগ পেয়েছিল। এর মধ্যে তিনটি গোল পায়। কিছু কিছু খেলোয়াড় আছে, যাদেরকে জায়গা ছেড়ে দেওয়া উচিত নয়। আমরা মেসিকে খুব বেশি জায়গা দিয়ে ফেলেছিলাম।’ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেওয়া মেসির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আর্জেন্টিনা কোচের। মেসিকে ধন্যবাদ দিয়ে আলেসান্দ্রো সাবেলা বলেন, ‘আমাদের সৌভাগ্য যে মেসি আর্জেন্টাইন। ওকে দলে পেলে আমরা খুবই উপভোগ করি।’ রয়টার্স।