উচ্ছ্বাসে ভাসল চেকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী বলব বুঝতে পারছি না। এই ফল করে কোয়ার্টার ফাইনালে ওঠায় আমি “ভয়ংকর” খুশি। সম্ভবত আমি ঘণ্টা খানেকের মধ্যে কথা বলতে পারব’—আনন্দের আতিশয্যে ম্যাচ শেষে কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছিলেন চেকদের জয়ের নায়ক পিওতর জিরাচেক।আনন্দ-ভেলায় ভাসছে পুরো চেক শিবিরই। তবে ২৬ বছর বয়সী মিডফিল্ডারের আনন্দটা একটু বেশিই হওয়ার কথা। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৪-১ গোলে হেরেও যে পরের দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র, সে তো এই লম্বা চুলের ফুটবলারের জাদুতেই।গ্রিসের বিপক্ষে ইউরোর ইতিহাসে চতুর্থ দ্রুততম গোলটি করে দলকে জাগিয়ে তোলেন জিরাচেক। গোল করেন তৃতীয় মিনিটেই। উজ্জীবিত চেকও জেতে ২-১ গোলে। পরশুর একমাত্র গোলটি করে তো দেশবাসীর হূদয়ের মনিকোঠায় ঢুকে পড়েছেন। জাতীয় দলে অভিষেক মাত্রই গত বছর। লম্বা চুল আর খেলার স্টাইলে এরই মধ্যে জিরাচেককে তুলনা করা হচ্ছে ২০০৩ সালের ব্যালন ডি অর জয়ী পাভেল নেদভেদের সঙ্গে!শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক পোল্যান্ডেরই। গোলের একাধিক সুযোগও পায় পোলিশরা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকেই চেকদের ঘুরে দাঁড়ানোর শুরু। বিরতির সময় আবার কোচ মিকাল বিলেক দলকে চাঙা করতে দেন ছোট্ট একটা পরামর্শ, ‘ধৈর্য ধরতে হবে’। কোচের পরামর্শ কাজ করেছে টনিক হিসেবে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেকরা। রক্ষণ সামলে মুহুর্মুহু প্রতি-আক্রমণে এলেমেলো করে ফেলে পোলিশ রক্ষণ। অভিজ্ঞ মিলান বারোসের পাস থেকে ৭২ মিনিটে এরই ফসল তোলেন জিরাচেক।ম্যাচ শেষে মিকাল বিলেকের দাবি, ভুল থেকে শিক্ষা নিয়েছে তারা, ‘আমাদের সব সময়ই নিজেদের ওপর আস্থা ছিল। আমরা নিজেদের কিছু কিছু কঠিন পরিস্থিতিতে দেখেছি। তবে আমরা সব সময়ই দল হিসেবে খেলেছি এবং চাপটা সামলেছি। জানতাম, হারলেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে।’ গোলরক্ষক পিওতর চেকের কথা, ‘সবার চেয়ে বেশি পয়েন্ট আমাদের এবং আমাদের এটা পাওনা। আমি আগেই বলেছি, প্রথম ম্যাচ কখনোই কিছু নির্ধারণ করে না। রাশিয়ানরা প্রথম ম্যাচ জিতেও বাড়ি ফেরার যাত্রী।’রাশিয়ার জন্য আবার আফসোসই হচ্ছে চেক কোচ বিলেকের, ‘অবশ্যই রাশিয়া-গ্রিসের ম্যাচের ফলটা বিস্ময়কর। কারণ রাশিয়া ফাইনালে যেতে চেয়েছিল, কিন্তু তাদের এখন বাড়ি ফিরতে হচ্ছে।’ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় পোলিশরা হতাশ। কোচ ফ্রানচিশেক স্মুদা ‘শোকাহত’। তবে হারকে মেনে নিয়ে ঠিকই ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়েছে পোলিশ সমর্থকেরা। পোল্যান্ডের এক সমর্থক অ্যাডামই যেমন বলছেন, ‘অবশ্যই আমি দুঃখিত, তবে এটা ট্র্যাজেডি নয়। চেকদের অভিনন্দন।’ এএফপি, রয়টার্স।