উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না ‘এক নম্বর’ সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার দারুণ কিছু অর্জনের আনন্দ অবশ্যই অন্য রকম। সেটা হাতছাড়া হওয়ার পর আবার কেড়ে নেওয়ায় যত না থাকে আনন্দ বা উচ্ছ্বাস, তার চেয়ে অনেক বেশি থাকে তৃপ্তি। কিন্তু সাকিব আল হাসান যথারীতি নিজের মতোই। চরম হতাশায়ও যেমন খুব একটা মুষড়ে পড়েন না, তেমনি বড় অর্জনেও উচ্ছ্বাসে ভেসে যান না। কাল সংবাদ সম্মেলনেও সাকিবকে দেখে উচ্ছ্বাস-আনন্দ-তৃপ্তি কোনোটাই খুব একটা বোঝা গেল না।শেন ওয়াটসনের কাছে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন গত ১১ এপ্রিল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দুইয়ে নামিয়ে সাকিব জায়গাটা ফিরে পেলেন গত পরশু। আবার শীর্ষে ওঠার অনুভূতি? ‘ভালো লাগছে’—স্রেফ এটুকুই! আরেকটু বিস্তারিত বলার অনুরোধ করার পর বললেন, ‘ব্যক্তিগতভাবে এই অর্জন অবশ্যই গুরুত্বপূর্ণ। এসব অনেক অনুপ্রেরণা।’‘বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার’—আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি অবশ্যই বড় অনুপ্রেরণা। তবে মাঝের ছয় মাস যখন এই স্বীকৃতি ছিল না, তখনো খুব একটা খারাপ লাগেনি সাকিবের। কোনো কিছু নিয়েই বেশি না ভাবা একটা কারণ। আরেকটা কারণ, মানুষের কাছে তিনিই ছিলেন এক নম্বর! ‘যখন সবাই বলছে এক নম্বর, আমি মনে করিয়ে দিয়েছি যে দুইয়ে নেমে গেছি। এ ছাড়া ও রকম কিছু মনে হয়নি। কারণ যখন দুইয়ে নেমে গিয়েছিলাম, তখনো অনেকেই ভেবেছে আমি একেই আছি।’এক-দুই নিয়ে সাকিবের লড়াইটা শেন ওয়াটসনের সঙ্গেই। সাকিব প্রথম শীর্ষে ওঠেন ২০০৯ সালের ২৩ জানুয়ারি, ছিলেন টানা প্রায় ২৫ মাস। এর মাঝেই সাকিবের কাছাকাছি উঠে আসেন ওয়াটসন। ওয়ানডের সেরা দুই অলরাউন্ডার মুখোমুখি হন গত এপ্রিলে। বাংলাদেশে ৩ ওয়ানডের ওই সিরিজের পারফরম্যান্সেই সাকিবকে টপকে যান ওয়াটসন।বল হাতে ছিল ৩ উইকেট, কিন্তু ওয়াটসন সাকিবকে টপকে যান মূলত অতিমানবীয় ব্যাটিংয়ে। ৩ ম্যাচে করেছিলেন ৩২ বলে ৩৭, ৯৬ বলে অপরাজিত ১৮৬ ও ৪০ বলে ৭২। অন্যদিকে সাকিব ৩ ম্যাচে উইকেট পেয়েছিলেন মাত্র ১টি, রান ছিল ৫২, ৯ ও ৯। দ্বিতীয় ওয়ানডের দিনই সাকিবকে দুইয়ে নামিয়ে দেন ওয়াটসন।ওই সিরিজের পর থেকেই আবার দারুণ ধারাবাহিক সাকিব। জিম্বাবুয়েতে ৫ ম্যাচ সিরিজে ৫৪ গড়ে করেছেন ২১৬ রান, সঙ্গে ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৬ উইকেট, ২ ইনিংসে রান অপরাজিত ৬৭ ও ১২। এই সময়ে ওয়াটসনও খুব একটা খারাপ করেননি। শ্রীলঙ্কায় ৫ ম্যাচে ৩৭ গড়ে ১৮৫ রান ও ৫ উইকেট। ওয়াটসন পেছনে পড়েছেন আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে। চোটের কারণে প্রথম ম্যাচটায় খেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচে করেছেন ১৫, উইকেটও পাননি। দুজনের লড়াইটা এখন এমনই হাড্ডাহাড্ডি যে কেউ একটু খারাপ করলেই শীর্ষস্থান থেকে বিদায়!