মাত্র ঘণ্টা খানেক...ঘণ্টা খানেকের জন্য লাগাম হাতছাড়া হলে ছিটকে যেতে পারে গোটা ম্যাচটাই! পূর্বসূরিদের কাছ থেকে শুনে আর ইতিহাস জেনে মাইকেল ক্লার্কের উপলব্ধি এটাই। ক্যারিবিয়ানে একটা বাজে ঘণ্টাই পাঁচ দিনের টেস্ট ম্যাচ হারার জন্য যথেষ্ট। ১৯৯১ সালে বারবাডোজে এই অভিজ্ঞতা হয়েছিল অ্যালান বোর্ডারের দলের, চার বছর পর পোর্ট অব স্পেনে মার্ক টেলরের দলের, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে স্টিভ ওয়াহর প্রথম সিরিজে জ্যামাইকা এবং সেই বারবাডোজে। বারবাডোজেই আজ শুরু হচ্ছে ফ্রাঙ্ক ওরেল ট্রফির লড়াই, ক্লার্ক তো সতর্ক হবেনই!ক্লার্কের নিজের অবশ্য এমন অভিজ্ঞতা নেই। এর আগে একবারই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছেন, ২০০৮-এর সেই সিরিজ অস্ট্রেলিয়া জিতেছিল ২-০-তে। তবে ইতিহাসের পাশাপাশি ক্লার্ককে সাবধান করে দিয়েছেন এ নিয়ে পাঁচবার ক্যারিবিয়ান সফরে আসা রিকি পন্টিং, চারবার আসা জাস্টিন ল্যাঙ্গার (ব্যাটিং কোচ) ও তিনবার আসা ক্রেইগ ম্যাকডারমট (বোলিং কোচ)। পরিষ্কার ফেবারিট হিসেবে সিরিজ শুরু করেও তাই বাড়তি সতর্ক ক্লার্ক।ওয়েস্ট ইন্ডিজের প্রেরণা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের গৌরবময় অতীত। অত পেছনে না তাকাতে চাইলে প্রেরণা করা যেতে পারে এই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অংশটাও। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ড্র হয়েছে, ভাগ্য একটু সহায় হলে জিতেও যেতে পারত ড্যারেন স্যামির দল, টি-টোয়েন্টি সিরিজ ১-১। সিরিজ শুরুর আগে এটাই বা কে ভাবতে পেরেছিল! তবে ওই গৌরবময় অতীত ও এবারের ওয়ানডে সিরিজের মাঝের সময়টা ভুলে যাওয়াটাই মঙ্গল হবে ক্যারিবিয়ানদের জন্য। সেই ১৯৯৩ সালের অস্ট্রেলিয়ান গ্রীষ্মের পর স্যার ফ্রাঙ্ক ওরেলের আত্মাকে আর শান্তি দিতে পারেনি উত্তরসূরিরা। ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে যে হাত ছোঁয়াতেই পারেনি তারা! হেরেছে আট সিরিজের সাতটি, ব্রায়ান লারার বীরত্বে ড্র করতে পেরেছিল শুধু ১৯৯৯ সিরিজ। ২০০৮ সালে নিজেদের মাটিতে সিরিজের পর ৩০ টেস্টের মাত্র তিনটি জিততে পেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে!তবে ওয়ানডে সিরিজটায় ইঙ্গিত ছিল দুঃসময়কে পেছনে ফেলার। ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরার দাবি হয়তো করা যাবে না, তবে দল হিসেবে অনেকটা গুছিয়ে ওঠার প্রমাণ ওই সিরিজ। ওয়ানডে সিরিজের হার না মানা মানসিকতা টেস্টেও দেখাতে চান স্যামি, ‘দলের উন্নতিটা পরিষ্কার চোখে পড়ছে, মাঠে গিয়ে সবাই একটা দল হিসেবে খেলছে এবং হারার আগে হারছে না। সবাই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। সমর্থকদের প্রত্যাশা আমরা জানি। আমরা যদি হারিও, লড়াই করে হারব।’দলের আত্মবিশ্বাস যে তুঙ্গে, সেটার প্রমাণ তো কথার লড়াইয়েও। উইকেটকিপার কার্লটন বাফ কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন স্পিনে দুর্বল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে সুনীল নারাইনের স্পিন যথেষ্ট ভুগিয়েছেও অস্ট্রেলিয়াকে। আইপিএল ডলারের ডাকে আপাতত টেস্টকে ত্যাগ করেছেন নারাইন, তবে দেবেন্দ্র বিশু তো আছেন! আইসিসির বর্ষসেরা উদীয়মানকে নিয়ে যথেষ্টই ভাবছে অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক শেন ওয়াটসন জানালেন, ভিডিও ফুটেজ দেখে বিশু-রহস্যের সমাধান বের করার চেষ্টা তাঁদের আছে। পেস আক্রমণ দুই দলেরই দুর্দান্ত।টানা খেলার মধ্যে থাকা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাধা ক্লান্তি। যদি ক্লান্তিকে জয় করতে পারে, তাহলে উজ্জীবিত উইন্ডিজকে হারাতেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ক্লার্কের দলের। কাগজ-কলমে ব্যবধান যে অনেকটাই! এএফপি, ওয়েবসাইট।