বারবার ঘুরেফিরে আসছে লিসবন, ২০১০-এর নভেম্বরের ওই ম্যাচ। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ, এটি একটি কারণ। আরেকটি কারণ, সেটাই ছিল ৪৭ বছরের মধ্যে স্পেনের সবচেয়ে বড় পরাজয়। বিশ্বকাপ জয়ের মাত্র পাঁচ মাস পর ওই ম্যাচ। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা স্পেনকে বিরাট এক ধাক্কা দিয়েছিল পর্তুগাল। হারিয়ে দিয়েছিল ৪-০ গোলে!এর মধ্যে দুই বছর পেরিয়ে গেছে। দুই বছর অনেক লম্বা সময়। তবে আজ পর্তুগালের সম্ভাব্য একাদশে ওই ম্যাচে খেলা নয়জনের থাকার কথা। স্পেন একাদশে যেমন থাকার কথা আটজনের। ওই ম্যাচটি ক্রিস্টিয়ানো রোনালদোরও ভোলার কথা নয়। একক প্রচেষ্টায় একটি গোল প্রায় করেই ফেলেছিলেন। গোলমুখে ঢুকতে থাকা বলে খামোখা মাথা ছুঁইয়ে দিয়েছেন অফসাইডে থাকা নানি। অনেকের চোখে সেটিই রোনালদোর ‘ক্যারিয়ারের না-হওয়া সেরা গোল’! কে জানে, আজকের ম্যাচে তারই উশুল নেবেন কি না পর্তুগিজ তারকা!স্পেন শিবির অবশ্য দুই বছর আগের ম্যাচটি হিসাবেই নিচ্ছে না। প্রেক্ষাপট-পরিস্থিতি সবই ভিন্ন। অগুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ দিয়ে তো আর ইউরোর সেমিফাইনালের তুলনা চলে না! তবে স্পেন শিবিরের এটা অস্বীকার করার উপায় নেই, সেই ম্যাচের মতো আজও স্প্যানিশ রক্ষণে মুহুর্মুহু ত্রাস ছড়াবেন রোনালদো। জাবি আলোনসো যদিও দাবি করছেন, রোনালদোকে নিয়ে ‘স্পেশাল’ কোনো পরিকল্পনা নেই। তবে কোচ ভিসেন্তে দেল বস্ক পুরুষ্ট গোঁফে তা দিতে দিতে শুধু রোনালদোকে আটকানোর কথাই ভাবছেন। ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বিশেষ যত্ন নেব আমরা’, এই কথা বলার পর স্পেন কোচ জানিয়েও দিয়েছেন, সেই যত্নআত্তিটা কেমন হবে। না, ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রোনালদোকে আটকানো যাবে না। রোনালদোকে আটকাতে স্পেন ছক কষছে জোনাল মার্কিংয়ে। দুই বছর আগে বিশ্বকাপে রোনালদো নামের বিস্ফোরকটাকে জ্বলতেই দেননি দেল বস্ক। স্পেন কোচ আত্মবিশ্বাসী, এবারও সফল হবেন।যদিও আলোনসো আবার বলছেন, দুই বছর আগের পর্তুগালের সঙ্গে এই পর্তুগালের মিল নেই, ‘পর্তুগাল প্রায় আগের দলটাই আছে। কিন্তু মানসিক দিক দিয়ে ২০১০-এর দলটার তুলনায় এ দলটি ভিন্ন গ্রহের।’ দুই বছর আগের স্পেনের সঙ্গেও এই স্পেনের যেন আকাশ-পাতাল তফাত। যে পাসিং ফুটবল নিয়ে সারা বিশ্ব ছিল প্রশংসায় পঞ্চমুখ, এখন সেই পাসিং ফুটবলই অনেকের কাছে মনে হচ্ছে বিরক্তিকর। অর্থহীনও!এবারের ইউরোতে দুই দলের সামগ্রিক পারফরম্যান্সে পর্তুগালই তাই এগিয়ে। বিশেষ করে, নিজেদের শেষ দুই ম্যাচে পর্তুগাল আর স্পেন ছিল একেবারেই উল্টো প্রান্তে। এই দুই ম্যাচে রোনালদোয় উজ্জ্বল ছিল পর্তুগাল। যদিও জেরার্ড পিকে মনে করিয়ে দিচ্ছেন, রোনালদোর দিকেই সব মনোযোগ দিলে ভুল করবে স্পেন। কারণ নানিও আছেন দারুণ ফর্মে, ‘এক-বনাম-এক পরিস্থিতিতে নানি অসাধারণ। ডানে কিংবা বাঁয়ে ও অপ্রত্যাশিতভাবে হাজির হতে পারে। জোরালো শটের অধিকারী নানি জাত গোলস্কোরারও।’ এএফপি, রয়টার্স।দুই উইংয়ে পর্তুগালের কোনো সমস্যা নেই। সমস্যা আক্রমণ ভাগে। এর মধ্যে স্ট্রাইকার হেলডার পোস্টিগার চোট কোচ পাওলো বেন্তোকে বাধ্য করছে প্রথমবারের মতো তাঁর একাদশ পাল্টাতে। মূল স্ট্রাইকার হিসেবে খেলার কথা হুগো আলমেইদার। ২০ বছর বয়সী উঠতি তারকা নেলসন অলিভিয়েরাকেও নামিয়ে চমক দেখাতে পারেন বেন্তো। ‘নয় নম্বর’ নিয়ে সমস্যায় আছে স্পেনও। গত ম্যাচের একাদশে নিখাদ স্ট্রাইকার ছাড়াই খেলেছে স্পেন। তবে আজ একাদশে ফিরতে পারেন ফার্নান্দো তোরেস।দুই দলের সেমিফাইনাল-ভাগ্য আবার স্পেনের পক্ষে। আন্তর্জাতিক টুর্নামেন্টের এই পর্যায়ে স্প্যানিশরা কখনোই হারেনি। আর পর্তুগাল পাঁচবারের মধ্যে জিতেছে মাত্র একবার!