উজ্জীবিত পাকিস্তানই আজকের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অবিশ্বাস্য ব্যবধানে হেরে বেদনা সহ্য করতে না পেরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ দর্শকেরা ঢিল ছুড়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী বাস লক্ষ্য করে। ভুলক্রমে সেই ঢিলটি গিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বহনকারী বাসে। তখন ক্রিস গেইল ক্ষিপ্রগতিতে একটি জনপ্রিয় ওয়েবসাইটে নাকি এই বলে মন্তব্য করেন, ‘এই দেশে আর এক মুহূর্তও নয়।’ অনেক বুঝিয়েসুজিয়ে আমাদের ক্রিকেট কর্তারা আইসিসি ও ইন্ডিজ দলকে শান্ত করেন। সেদিন ক্রিস গেইলের কথা শুনে অন্তরাল থেকে ক্রিকেট-দেবী মনে হয় মুচকি হেসেছিলেন। তাই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবিলা করতে সেই ওয়েস্ট ইন্ডিজ দলকে অল্প দিনের ব্যবধানেই আবার ওই ঢাকায়ই ফিরে আসতে হলো। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান, উভয় দলই এখন ঢাকায়। সেমিফাইনালে পৌঁছার লক্ষ্যে নকআউট পর্বের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। নববধূর সাজে সাজা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামটি আবারও মুখরিত হয়ে উঠবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের সমাগমে।ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট পেলেও রান রেটে অনেকখানি পিছিয়ে থাকার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তা না হলে, এই অগ্নিঝরা মার্চে, পাকিস্তানের বিরুদ্ধে আজ হয়তো বাংলাদেশই মাঠে নামত। আমাদের পরম দুর্ভাগ্য, স্বদেশের চেনা মাঠে, দর্শক ও মিডিয়ার অকুণ্ঠ সমর্থন পেয়েও আমাদের প্রাণপ্রিয় ক্রিকেট দল সেই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারল না। বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নচূড়া থেকে স্বপ্নভ্রষ্টতার অতল গহ্বরে ছিটকে পড়ার এই অপার বেদনা আমরা দীর্ঘদিন আমাদের বুকের ভেতর বহন করব।আমাদের ব্যাটসম্যানদের উপর্যুপরি অমার্জনীয় ব্যর্থতার কারণেই এবার এমনটি হলো। বোলাররা ভালো করেছেন, ফেল করেছেন আমাদের বল্লেবাজ বা ব্যাটসম্যানরা। আমাদের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান ৭০। ছয় খেলায় আমাদের একটিও সেঞ্চুরি নেই। হাফ সেঞ্চুরি মোট চারটি। ইমরুল কায়েসের দুটো, তামিম ও সাকিবের একটি করে। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে হাঁকানো ছক্কার সংখ্যা যখন দুই শতাধিক, সেখানে আমাদের ব্যাটসম্যানদের হাঁকানো ছক্কাসংখ্যা যত দূর মনে পড়ছে, চার-পাঁচটির বেশি নয়। ছয় খেলায় অর্জিত রান-বিচারে আমাদের স্থান শুধু কেনিয়ার কিছু ওপরে। তাই স্বাধীনতার এই অগ্নিঝরা মাসে পাকিস্তানিদের কাছে কোয়ার্টার ফাইনালের অনিবার্য পরাজয় এড়াতে পারাটাকেই আমি এখন মন্দের ভালো বলে মনে করছি। ভারত ও ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলেও পাকিস্তানের কাছে তো হারিনি।বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে ন্বীকৃতি পাওয়া সাকিব আল হাসান আর উইজডেন ম্যাগাজিনের বিচারে বছরের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পাওয়া তামিম বিশ্বকাপের খেলায় শুধু এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তাঁরা ওই সুনামের যোগ্য ছিলেন না। ওটা ছিল তাঁদের হঠাৎ পাওয়া ধন।এ রকম একটি দুর্বল ব্যাটিং লাইন নিয়ে আমাদের পক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখাটা সঠিক ছিল না। সেটা ছিল অনেকটাই অসম্ভবের পায়ে মাথা কোটার মতো। অত্যন্ত আবেগপ্রবণ, স্বপ্নতাড়িত ও বিজয়পাগল জাতি বলেই ক্রিকেটকে পাকা গুটি মনে করে আমরা আমাদের সর্বস্ব নিয়ে ক্রিকেটের ওপর বাজি ধরেছিলাম। আমরা বাজিতে হেরেছি। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ আট দলের সঙ্গে আমাদের পারফরমেন্সের তুলনা করার অধিকার আমাদের আছে বলে আর মনে করি না। যে ছয়টি দল প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে, তাদের ভেতর আমরা কোথায়, কতটা ওপরে রয়েছি; আদৌ রয়েছি কি না, সেটাই এখন বিচার্য হবে। আবেগের অবস্থান থেকে বাস্তবের কঠিন মাটিতে নেমে এসে এখন আমাদের ক্রিকেটের কাঠগড়ায় দাঁড়াবার সময় এসেছে।আজকের খেলায় আমি মনে করি, প্রথমে শ্রীলঙ্কা ও পরে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা উজ্জীবিত পাকিস্তানই ফেবারিট।কামরাঙ্গীর চর২২ মার্চ ২০১১