উজ্জ্বলতর হচ্ছে ব্রাজিলের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলকে কেন ডেকে আনলে? তাঞ্জানিয়ায় এই প্রশ্নটা উঠেছে। তাঞ্জানিয়া ফুটবল ফেডারেশনকে (টিএফএফ) প্রশ্নটা করছে সে দেশের কিছু মানুষ।প্রায় একই রকমের একটা প্রশ্ন ব্রাজিলকে ঘিরেও। অনেকেই ঘুরিয়ে-ফিরিয়ে বলছে, ব্রাজিল কেন তাঞ্জানিয়ার মতো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে গেল?রবিনহো আর রামিরেসের জোড়া গোল, এর সঙ্গে কাকার একটি—সব মিলিয়ে তাঞ্জানিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে এত বড় ব্যবধানে হেরে গেছে বলেই ব্রাজিলকে আমন্ত্রণ জানানোর পেছনে তাঞ্জানিয়ার লাভের প্রশ্ন উঠছে না। ব্রাজিলকে প্রীতি ম্যাচ খেলতে তাঞ্জানিয়া ফুটবল ফেডারেশন আসলে আমন্ত্রণ জানিয়েছিল স্রেফ টাকা-পয়সার কারণে। ব্রাজিলের মতো একটি দল ফুটবল খেলতে আসবে, কাকা-রবিনহোর মতো তারকাদের দেখতে মানুষ হুল্লোড় বাধিয়ে ফেলবে, টিকিট বিক্রি থেকে প্রচুর টাকা আয় হবে—এই ছিল পরিকল্পনা। কিন্তু আদতে হয়েছে এর উল্টো। তাঞ্জানিয়ার ৬০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের অর্ধেকও ভরেনি। উল্টো ব্রাজিলকে এনে ক্ষতিই গুনতে হয়েছে তাঞ্জানিয়া সরকারকে।তাঞ্জানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বড় জয় তো পাওয়া গেল। তবে এতে লাভ হলো কতটা? লাভ-ক্ষতির এই হিসাব ব্রাজিলকে ঘিরেও। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা লাভের পাল্লাটাকেই ভারী বলছেন, ‘আমরা গতিময় দুটি দলের বিপক্ষে দুটি ভালো ম্যাচ খেলেছি।’ ব্রাজিলের সেই শিল্পিত ফুটবল আর নেই, ব্রাজিলিয়ানদের অভিযোগ এমনই। তাই তুলির শেষ আঁচড়ের প্রশ্নটিও এখন আর ঠিক আসে না। তবু দুঙ্গা বললেন, সব কাজই শেষ, শুধু তুলির শেষ আঁচড়টি টানাই বাকি, ‘মনে হচ্ছে আমরা ঠিক পথেই আছি। এখন শুধু সবকিছুতে শেষ মুহূর্তের আঁচড়টা দিতে হবে।’এটা গেল সামগ্রিক দলের কথা। তাঞ্জানিয়ার বিপক্ষে ম্যাচে বড় জয়-টয় নয়, সবচেয়ে ‘লাভজনক’ ব্যাপারটা যে ঘটেছে কাকা চোট থেকে পুরোপুরি সেরে ওঠায়। মূল লড়াইয়ে নামার আগে পরশু ব্রাজিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলেছে। কাকা পুরো ৯০ মিনিটই খেললেন। একটি গোলও করলেন। ম্যাচ শেষে কাকা নিজেও বলেছেন তাঁর পুরো সেরে ওঠার কথা, ‘খুব ভালো বোধ করেছি আমি। আমি প্রস্তুত, ব্রাজিলের চিন্তার কিছু নেই।’ দুঙ্গার মাথা থেকে সত্যিই চিন্তার একটা বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন তিনি।ব্রাজিলের চিন্তা লাঘবের আরও কিছু কারণ ঘটেছে পরশু তাঞ্জানিয়ার বিপক্ষে ম্যাচে। ৫-১ গোলের জয়ে কাকা যেমন একটি গোল করেছেন, তেমনি জোড়া গোল পেয়েছেন রবিনহোও। দুর্দান্ত সেই ছন্দ আর ড্রিবলিং ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে ধারে সান্তোসে খেলতে যাওয়া এই স্ট্রাইকার। প্রস্তুতি ম্যাচে ভালো খেলা, কাকার চোট থেকে সেরে ওঠা, রবিনহোর ছন্দে ফেরার ইঙ্গিত—সব মিলিয়ে ষষ্ঠ শিরোপা ঝলক দিচ্ছে ব্রাজিল খেলোয়াড়দের চোখে। উজ্জ্বলতর হচ্ছে স্বপ্ন।অধিনায়ক লুসিও যেমন জানালেন তাঁর স্বপ্নের কথা—‘বিশ্বকাপটা উঁচিয়ে ধরার স্বপ্ন দেখি আমি।’ রয়টার্স, ওয়েবসাইট।