উঠে আসছে অতীতের কথা
পাতানো খেলার শাস্তি দিতে গিয়ে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে বাফুফে। অনেকে অভিযোগ তুলছেন, পাতানো খেলার অভিযোগে শেখ জামাল-রহমতগঞ্জ ক্লাবের শাস্তি হলে অতীতে যারা পাতানো খেলা খেলেছে, তারা শাস্তি পাবে না কেন?রহমতগঞ্জ ক্লাবের ফুটবল সম্পাদক সালাউদ্দিন কালা শেখ জামালের সঙ্গে ম্যাচ পাতানোর অভিযোগে তিন বছর নিষিদ্ধ হয়ে এখন নানা অভিযোগ তুলছেন। পত্রিকায় তিনি অভিযোগ করেছেন, গত বছর আবাহনীও রহমতগঞ্জের সঙ্গে পাতানো খেলা খেলেছে। কাজেই আবাহনীরও শাস্তি হওয়া উচিত।শুধু আবাহনী নয়, পাতানো খেলা না খেলে চ্যাম্পিয়ন হয়েছে এমন দল বাংলাদেশে নেই। কাজেই আগের সব পাতানো ম্যাচের বিরুদ্ধেই কথা হচ্ছে এবং শাস্তির দাবি উঠছে। বাফুফের বাংলাদেশ লিগ কমিটি যেহেতু শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটার তদন্ত করে দুই দলকে আর্থিক জরিমানা করেছে, এখন তাদের কোর্টেই বল। কমিটি চাইলে পেছনের অনেক গল্পও বের করে আনতে পারে। এ ব্যাপারে কাল বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘অতীতের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব। তবে কিছু মানুষ কিছু কথা বলছেন পানি ঘোলা করার জন্য।’ জানা গেছে, গত বছরের পাতানো খেলা নিয়ে শেখ জামাল কিছু পেপার কাটিং জমা দেবে বাফুফের কাছে। যেহেতু পত্রপত্রিকার রিপোর্টকে গুরুত্ব দিয়ে এবার একটা সিদ্ধান্তে এসেছে লিগ কমিটি, কাজেই আগের রিপোর্টকেও সমান গুরুত্ব দেওয়ার দাবি তুলবে শেখ জামাল।তেমন পরিস্থিতি তৈরি হলে বাফুফে কী করবে? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কথা, ‘প্যান্ডোরার বাক্স যদি খুলে গিয়ে অতীতের পাতানো খেলার বিচারের দাবি ওঠে, তাহলে উদ্যোগ নিতেই হবে।’ওদিকে বাংলাদেশ লিগ কমিটির সদস্যদের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। লিগ কমিটিকে অপসারণ করা না হলে দল প্রত্যাহার করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।