উডস-এলিন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত ধন-সম্পত্তি, প্রাচুর্য; তার পরও তিনি কত হীনদরিদ্র। এত বিত্তবৈভব, প্রাসাদসম বাড়ি; তার পরও তিনি রিক্ত। প্রতি পলে অসহ্য অভিশপ্ত জীবন যাপন করছেন টাইগার উডস। কারও প্রতি তাঁর অভিযোগ নেই। বরং এই কিংবদন্তি গলফার নিজেই মাথা পেতে নিলেন সব দায়। ‘আমার এ পরিণতির জন্য আমিই দায়ী’—জটিল জীবনের বাঁকে দাঁড়িয়ে থাকা উডসের সরল স্বীকারোক্তি।সোমবার এলিনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পরশু প্রথম সাক্ষাত্কার দিলেন উডস। সাক্ষাত্কার দিয়েছেন এলিনও। ৬ সেপ্টেম্বর প্রকাশিতব্য পিপল সাময়িকীতে। গত নভেম্বরে উডসের কলঙ্কিত গোপন জীবনের কথা ফাঁস হয়ে যাওয়ার পর মুখ বন্ধই রেখেছিলেন। অবশেষে নিজের দুঃখ-বেদনার কথা জানালেন ৩০ বছর বয়সী সাবেক সুইডিশ মডেল।পিপল-এ দেওয়া সাক্ষাত্কারের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে চলে এসেছে সংবাদমাধ্যমে। ওই সাক্ষাত্কারে দুঃসহ সময়টার কথা স্মরণ করে এলিন বলেছেন, সে সময় নিজেকে তাঁর ‘নির্বোধ’ মনে হচ্ছিল। মনে হচ্ছিল, যেন তিনি ‘জাহান্নামে’ বসবাস করছেন। একের পর কেচ্ছাকেলেঙ্কারি ফাঁস হচ্ছিল, আর একের পর এক নির্ঘুম রাত কাটিয়েছেন এলিন। ওজন কমে যাচ্ছিল তাঁর। ঝরে যেতে শুরু করেছিল মাথার চুল।পিপলকে এলিন জানিয়েছেন, প্রথম দিকে ট্যাবলয়েডের খবরগুলো শুনে চমকে উঠলেও বিশ্বাস করেননি তিনি। স্বামীর ওপর ছিল অগাধ আস্থা। কিন্তু সেই আস্থার দেয়াল ভেঙে গেছে দ্রুতই। ‘আরও অনেক বিষয় যখন প্রকাশ পেল, নিজেকে নির্বোধ মনে হচ্ছিল। কী করে এত ঘটনা আমার অগোচরে ঘটে গেল? আমার সঙ্গে যা হয়েছে, প্রতারণা শব্দটারও শক্তি নেই সেটি বোঝায়। মনে হয়েছে যেন আমার পুরো পৃথিবীটাই ধসে পড়েছে একসঙ্গে’—বলেছেন এলিন।সাময়িকীটির এক সাংবাদিক চার দিন ধরে মোট ১৯ ঘণ্টার সাক্ষাত্কার নিয়েছেন এলিনের। ওই সাক্ষাত্কারেই দুই সন্তানের মা এলিন জানিয়েছেন, সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে সব রকম চেষ্টাই করেছেন। পারেননি, কারণ বিশ্বাসের ভাঙা সেতু যে জোড়া লাগে না কোনো দিনই। ‘আমি ওকে কত ভালোবাসতাম! কত আনন্দেই না কাটছিল আমাদের জীবন। ওর সঙ্গে আমি নিরাপদও বোধ করতাম’—সুখের সেই দিনগুলোর জন্য দীর্ঘশ্বাসই যেন বেরিয়ে এল এলিনের কণ্ঠে।২৭ নভেম্বর ফ্লোরিডার নিজেদের বাড়ির সামনে উডস গাড়ি দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনার সূত্র খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এই গলফ তারকার অবৈধ প্রণয়ের অসংখ্য কাহিনি। এও শোনা গিয়েছিল, উডসের এই কলঙ্কিত জীবন নিয়ে ২৭ নভেম্বর রাতে বচসার একপর্যায়ে গলফ ক্লাব হাতে এলিন নাকি তাড়া করেছিলেন। উডসের মাথার ক্ষতটাও তাঁর আঘাতেই। তবে এলিন এটিকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এ সবই হাস্যকর। আমাদের মধ্যে শারীরিক কোনো সংঘাত হয়নি।’গতকালই কোর্সে ফিরেছেন উডস। ইউএস পিজিএ প্লে-অফে। কোর্সে নামার আগের দিন সাক্ষাত্কার দিয়েছেন ১৪টি মেজর জেতা এই তারকা। সেখানেই সব দায় মাথা পেতে নিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্তের (ডিভোর্সের) জন্য আমিই দায়ী। জীবনে অনেকগুলো ভুল করেছি। এই দায় মাথা পেতে নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে।’ অনেকে বলছেন, বিয়ে বিচ্ছেদের ফলে মাথার ওপর থেকে একটা চাপ অন্তত সরে যাবে। খেলায় মন দিতে পারবেন। কিন্তু উডস বলছেন, ‘এই শব্দটা (চাপমুক্ত) সঠিক নয়। বরং আমি আরও বেশি দুঃখই বোধ করছি।’ এএফপি, রয়টার্স।