উডসের আরেক কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিজিএ ট্যুর থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ডটা অনেক দিনই তাঁর দখলে। টাইগার উডস পরশু লিখে ফেললেন অনন্য এক ইতিহাস। প্রথম গলফার হিসেবে পিজিএ ট্যুর থেকে আয়ে ছাড়িয়ে গেলেন ১০০ মিলিয়ন, অর্থাৎ ১০ কোটি ডলারের মাইলফলক। টিপিসি বোস্টনে ডয়েশ ব্যাংক চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়ে উডস আয় করেছেন পাঁচ লাখ ৪৪ হাজার ডলার। এ নিয়ে পিজিএ ট্যুর থেকে তাঁর মোট আয়ের পরিমাণ ১০০.৩৫ মিলিয়ন ডলার!পিজিএ ট্যুরে আয়ের দিক থেকে উডসের পরে আছেন ফিল মিকেলসন। ডয়েশ ব্যাংক চ্যাম্পিয়নশিপে চতুর্থ হওয়া গলফারের ক্ষেত্রে অঙ্কটা ৬৬.৮ মিলিয়ন ডলার। পেশাদার গলফে উডস-মিকেলসনদের পদার্পণ টিভি সম্প্রচার-স্বত্ব থেকে বিশাল আয়ের সময়টার সঙ্গে মিলে যাওয়াতেই তাঁদের প্রাইজমানির পরিমাণ এমন ফুলে-ফেঁপে উঠেছে। একটা তথ্য থেকেই আরও পরিষ্কার হবে ব্যাপারটা। পিজিএ ট্যুরে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪টি শিরোপা জিতে উডসের ১০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়া। অথচ ১৯৩৭ সালে ক্যারিয়ার শুরু করা স্যাম স্নিড পিজিএ ট্যুরে সর্বোচ্চ ৮২টি শিরোপা জিতেও কত আয় করেছিলেন, জানেন? মাত্র ছয় লাখ ২০ হাজার ১২৬ ডলার!উডসের রেকর্ডে আড়ালে চলে গেছেন আইরিশ গলফার ররি ম্যাকলরয়। নইলে তাঁর নামই আসত প্রথমে। শিরোপাটা যে তিনিই জিতেছেন। পিজিএ ট্যুরে তাঁর পঞ্চম শিরোপার অর্থ পুরস্কার ১৪ লাখ ডলার। এএফপি।