
এ কী দশা টাইগার উডসের! সর্বকালের সেরা গলফার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টাই কাটাচ্ছেন। এতটাই যে, এই প্রথম ছিটকে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ থেকেও!
দুঃসময়ের শুরু গত বছরের মে মাস থেকে। সে সময় র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান থেকে তাঁকে ছিটকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট। এরপর চোট আর ফর্মহীনতায় নিজেকে হারিয়ে খুঁজেছেন। গত জানুয়ারিতে ফিনিক্স ওপেন শেষ করেছিলেন ৮২তম হিসেবে, এর চেয়ে বাজে ফল কোনো পেশাদার টুর্নামেন্টে করেননি উডস। তখনই তিন বছরের মধ্যে প্রথমবার শীর্ষ পঞ্চাশের বাইরে চলে গিয়েছিলেন। এরপর তলিয়ে গেছেন আরও নিচে। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৯৬ থেকে চলে গেছেন ১০৪-এ।
১৯৯৬ সালে অভিষেকের পর ১৯৯৭ সালেই প্রথম র্যাঙ্কিংয়ে চলে আসেন ৩৯ বছর বয়সী গলফার। এরপর রেকর্ড ৬৮৩ সপ্তাহ শীর্ষস্থান ছিল উডসের দখলে। উডস অবশ্য আশাবাদী, ৯ এপ্রিল থেকে শুরু অগাস্টা ন্যাশনালে খেলতে পারবেন। তবে এ মুহূর্তে সেটির সম্ভাবনা ক্ষীণই। এএফপি।