উডসের দুঃসময় কাটছেই না
তবে কি ভাগ্যদেবতাও অপ্রসন্ন তাঁর ওপর? টাইগার উডস কি তবে অভিশাপগ্রস্ত? আর কোনো দিনই কি তাঁর হাতে উঠবে না মেজরের কোনো শিরোপা? জ্যাক নিকলাসের রেকর্ড কি ভাঙতে পারবেন এই গলফ কিংবদন্তি?প্রশ্নগুলো আগে থেকেই ছিল। সেগুলো আবারও উচ্চারিত হলো ব্রিটিশ ওপেনে উডস ব্যর্থ হওয়ার পর। দক্ষিণ আফ্রিকার ২৭ বছর বয়সী লুই উস্টহাইজেন যখন ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপাটিই গলফের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে জেতার আনন্দে বিভোর, সেই সময় ১৪টি মেজর জেতা উডস মাথা নিচু করে মাঠ ছাড়লেন। সঙ্গী হলো ২৩ নম্বর হওয়ার সান্ত্বনা! আরও একটি মেজর টুর্নামেন্টে তাঁর ব্যর্থতা এই প্রশ্নটি তুলে দিল, নিকলাসের ১৮টি মেজর জেতার রেকর্ড কি উডস ভাঙতে পারবেন কোনো দিন?অথচ এই টুর্নামেন্টে তিনি নতুন করে শুরু করার ইচ্ছের কথা জানিয়েছিলেন। আভাসও ছিল সে রকম। গত বছরের শেষ দিকে উডসের অন্ধকার জীবন উন্মোচিত হওয়ার পর ৫ মাসের ছুটি নেন। এর পর অগাস্টা মাস্টার্স দিয়ে আবারও ফেরেন। কিন্তু ওই মেজরে চতুর্থ হয়েছিলেন উডস। পারফরম্যান্সের উন্নতির বদলে অবনতিই যে হচ্ছে, এই ব্রিটিশ ওপেনের ফলাফল সেটিই বুঝিয়ে দিল এই ৩৪ বছর বয়সী গলফারকে। অথচ ব্রিটিশ ওপেন শুরুর আগে ভালোই খেলছিলেন তিনি।উডস নিজেও মানছেন, কঠিন একটা সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে তাঁকে। সাধারণত যেসব ভুল তিনি কখনোই করেন না, সেসবও এখন তাঁর হাত দিয়ে হচ্ছে। ধরে রাখতে পারছেন না ধারাবাহিকতা। শুধু ধারাবাহিকতাই নয়, উডস ইদানীং ধরে রাখতে পারছেন না মেজাজও। স্বচ্ছ একটা ক্যারিয়ারের কারণে বরাবরই ব্র্যান্ডিং দুনিয়ার প্রিয়পাত্র ছিলেন। সেই ভাবমূর্তি গেছে একাধিক নারীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে। তবে তার পরও উডসের মুখ থেকে অশালীন কথা অন্তত কেউ শোনেনি। এখন সেটাও শুনতে হলো। মেজাজ হারিয়ে উডস নাকি প্রকাশের অযোগ্য চার অক্ষরের একটি ইংরেজি গালি ঘন ঘন ব্যবহার করছেন। আর সেটাই সরাসরি সম্প্রচারিত হয়ে গেছে টিভিতে! ওয়েবসাইট।