উড়ছেন ডুভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈত্য-বধের আনন্দ! র্যাঙ্কিংয়ের ২৯৬ নম্বরে থাকা ভিক্টোরিয়া ডুভাল প্রথম রাউন্ডেই হারিয়েছেন ২০১১ চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরকে।  মার্কিন মেয়ে যেন উড়ছেন রয়টার্স
দৈত্য-বধের আনন্দ! র্যাঙ্কিংয়ের ২৯৬ নম্বরে থাকা ভিক্টোরিয়া ডুভাল প্রথম রাউন্ডেই হারিয়েছেন ২০১১ চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরকে। মার্কিন মেয়ে যেন উড়ছেন রয়টার্স

ভবিষ্যতে সেরেনা উইলিয়ামসের মতো আলো ছড়াতে পারবেন কি না, সেটা বলবে সময়। তবে ক্যারিয়ারে দ্বিতীয়বার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছেন ভিক্টোরিয়া ডুভাল। যুক্তরাষ্ট্রের মেয়ে ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছেন ২০১১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে। প্রথম সেটে পিছিয়ে পড়েও ডুভাল জিতেছেন ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে।
র‌্যাঙ্কিংয়ের ২৯৬ নম্বরে থাকা একজন খেলোয়াড় ১১তম র‌্যাঙ্কধারী খেলোয়াড়কে হারিয়েছেন—হইচই ফেলে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তবে ডুভালের আসল গল্পটা অন্যখানে। বয়স মাত্র ১৭। এরই মধ্যে দু-দুটি ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে তাঁর।
বয়স যখন মাত্র ৭, তখনই সন্ত্রাসীদের পিস্তলের নিশানায় পড়ে গিয়েছিলেন। চাচাতো ভাইসহ তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। একজন পিস্তল ধরেন ছোট্ট ডুভালের মাথায়। ট্রিগারে চাপ পড়লেই নিভে যেতে পারত জীবনদীপ। শৈশবের সেই ভয়ংকর ঘটনা তো আছেই। ২০১০ সালে ঘটে আরেকটি হূদয়বিদারক ঘটনা।
চিকিৎসক বাবা জেন-মরিস ও ব্যালে ড্যান্সার মা নাদিন একসময় হাইতি থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে পেশাগত কাজে ২০১০ সালের সেই ভয়াবহ ভূমিকম্পের সময় মরিস ছিলেন হাইতিতে। যে বাড়িতে ছিলেন, ভূমিকম্পে সেই বাড়িটি তাঁর ওপর ভেঙে পড়ে। মেরুদণ্ডের হাড়সহ হাত-পা ভেঙে যায়। ফুসফুসেও জখম। ইট-সিমেন্টের ধ্বংসস্তূপের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে কেটেছিল সাত-আটটি ঘণ্টা। বাঁচারই কথা ছিল না তাঁর।
ধ্বংসস্তূপ থেকে তাঁর বাবা মরিসকে উদ্ধার করে আটলান্টারই কিচেন পরিবার হেলিকপ্টারে ফ্লোরিডার হাসপাতালে নিয়ে আসে। ডুভালের টেনিস ক্লাবে এই পরিবারটির বিরাট অবদান। তাঁর বাবাও পরশু লুইস আর্মস্ট্রং কোর্টে উপস্থিত ছিলেন। স্বচক্ষে দেখেন মেয়ের কীর্তি। অসুস্থ বাবার উপস্থিতি ডুভালের জন্য ছিল বিরাট অনুপ্রেরণা।
ডুভালের শিশুমনটি এখনো হারিয়ে যায়নি, পরশু জয়ের পরও সেই ছোট্ট শিশুটিই তিনি রয়ে গেছেন, ‘কোর্টের বাইরে আমি খুবই বাতিকগ্রস্ত। আমি মনে করি, মানসিক দিক দিয়ে আমি ছোট্ট শিশু। কিন্তু কোর্টে আপনাকে যোদ্ধা হতেই হবে। কারণ এখানে আমরা খেলার মধ্যে থাকি।’
অসুস্থ বাবাকে দেখে একটু বেশিই আবেগাপ্লুত ছিলেন ডুভাল, ‘এখানে তিনি আমাদের সঙ্গে আছেন, এটা অবিশ্বাস্য!’ এ জন্য কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়েছেন বাবার উদ্ধারকারী ওই কিচেন পরিবারকে, ‘আমরা কিচেনদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তারা যদি না থাকত, আমার বাবা আজ এখানে আসতে পারত না। আমার চোখে তারা দেবদূততুল্য।’ শুরুতে সেরেনার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের এই নতুন টেনিস প্রতিভার লক্ষ্য কিন্তু আরেকজন ‘স্লোয়ান স্টিভেনস’ হওয়া! স্লোয়ানের মতো তরুণদের সঙ্গে নিয়ে ডুভাল যুক্তরাষ্ট্রের টেনিসকে টেনে তুলতে চান অন্য উচ্চতায়।
নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, ভিক্টোরিয়া আজারেঙ্কারাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। রয়টার্স।