
চার ম্যাচে ৩১ গোল! বিপক্ষেÿ নেই একটিও। চীনা তাইপে ৭-০, থাইল্যান্ড ১০-০, ওমান ৭-০। কাল শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭-০।
একের পর এক গোল-উৎসব করে বাংলাদেশ যুব হকি দল রীতিমতো উড়ছে। কী বিস্ময়! বাংলাদেশ এর আগে যেকোনো পর্যায়ের টুর্নামেন্টে এমন দাপটের সঙ্গে খেলতে পারেনি। এটা অভাবনীয়।
বাংলাদেশ দলের কোচ মামুনুর রশিদ অবশ্য পা রাখতে চাইলেন মাটিতেই, ‘অতি আত্মবিশ্বাসী হওয়ার প্রশ্নই আসে না। এখনো চ্যাম্পিয়ন হওয়ার কাজটা বাকি।’
চার ম্যাচই জিতে বাংলাদেশ দল শীর্ষস্থানে থেকে লিগ ম্যাচ শেষ করেছে, দ্বিতীয় ওমান। এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১-এর এই গ্রুপে সেরা দুই দল বাংলাদেশ-ওমান খেলবে আগামী যুব এশিয়া কাপে। তাই আজ বেলা আড়াইটায় শুরু বাংলাদেশ-ওমান ফাইনালের সে অর্থে গুরুত্ব নেই। তবে বাংলাদেশের জন্য ম্যাচটা মর্যাদার। অন্যদিকে আজই বেলা সাড়ে ১১টায় তৃতীয় স্থানের জন্য খেলবে শ্রীলঙ্কা-চীনা তাইপে। তাইপে ও ওমান কাল ১-১ গোলে ড্র করেছে।
বাংলাদেশের দাপট দেখে হকি অঙ্গনে অভিন্ন মত, স্বাগতিকেরাই চ্যাম্পিয়ন হবে। তবে বাংলাদেশের কাছে অপ্রত্যাশিতভাবে ৭ গোলে উড়ে গেলেও শেষ লড়াইয়ে ওমান মরণকামড় দিতে চাইবে। বাংলাদেশের এই দলটিতে জাতীয় দলের খেলোয়াড় আছেন আটজন। তার ওপর আছে ঘরের টার্ফে খেলার সুবিধা। একই সঙ্গে কৌশলীও থাকছেন কোচ। শ্রীলঙ্কার সঙ্গে প্রথমার্ধেই ৪ গোলে জয় নিশ্চিত হওয়ায় দ্বিতীয়ার্ধে কোচ একাদশটা প্রায় বদলে ফেলেন। মূল খেলোয়াড়দের বিশ্রাম দেন, যাতে আজ ফাইনালের জন্য কিছুটা বিশ্রাম পান তাঁরা।
বাংলাদেশ দলের খেলায় দলীয় সমঝোতা ছিল চোখে পড়ার মতো। পাসিং সাবলীল, স্টিক ওয়ার্কও ভালো। দলটা যে দু-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়, তার প্রমাণ টুর্নামেন্টে নয়জনের স্টিকে ৩১ গোল। সবচেয়ে বেশি ৮ গোল করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ খোরশেদ। ৭ গোল করেছেন মিলন, ৬টি কৌশিকের। শ্রীলঙ্কার সঙ্গে দুটি গোল করেছেন রোমান। মিলন, কৌশিক, আরশাদ ও আশরাফুলের একটি। বাংলাদেশ এদিন চারটি কর্নার পেয়ে কাজে লাগাতে পেরেছে একটি।
পেনাল্টি কর্নার প্রসঙ্গে কোচ মামুনুর বলছিলেন, ‘পেনাল্টি কর্নারে অনেক বৈচিত্র্য আছে আমাদের। সব তো এখনো দেখাইনি। কাল (আজ) দেখতে পাবেন।’
দেখাতে পারলে তো চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই।