উড্ডয়ন বিভ্রাটে সাকিবদের বিমান
রানওয়ের শেষমাথায় গিয়ে বিমান যখন আকাশে উড়বে, পাইলটরা বুঝতে পারলেন বিজি ০২২ উড়ানের উড্ডয়নটা বড্ড ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বিমানের চারটি চাকাই স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে উঠেছে, পাইলটের সামনের কম্পিউটারের স্ক্রিন বন্ধ। কড়া ব্রেক, প্রচণ্ড ঝাঁকি আর বিকট শব্দ তুলে রানওয়েতেই থেমে যায় বিমান। ভয় পেয়ে যান বিমানের আরোহী বাংলাদেশ ও কানাডা ক্রিকেট দলের ৩১ খেলোয়াড়, বিসিবির দুই কর্মকর্তাসহ ১৫৯ জন যাত্রী। ঝাঁকুনি খেয়ে সামনে হেলে পড়েন সবাই। সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ঢাকার উদ্দেশে আকাশে ওড়ার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন বিশ্বকাপ-যাত্রীরা। বেশি আতঙ্কিত হয়ে পড়ায় কানাডা দলের পাঁচ ক্রিকেটারকে অনেক বুঝিয়ে-সুঝিয়েও এই বিমানে আর তোলা যায়নি। তাঁরা ঢাকা গেছেন অন্য বিমানে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা আড়াইটার দিকে বাকিদের নিয়ে বিমানটি চট্টগ্রাম ছাড়ে এবং নিরাপদে ঢাকা পৌঁছায়।বিমানে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার তানজিব আহসান ঢাকায় পৌঁছানোর পর টেলিফোনে বলেছেন, ‘সমস্যা বুঝতে পেরে পাইলট বিমানটি থামিয়ে দেন। বিমানটা যখন ঝাঁকুনি দিয়ে থেমে যায়, সবাই বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। তবে সবার সিট বেল্ট বাঁধা ছিল। কেউ কোনো ব্যথা পায়নি।’ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক তামিম ইকবালও খুব বড় করে দেখছেন না সমস্যাটাকে। ‘অন্য সময় হয়তো ওভাবেই ফ্লাই করে বিমানটি ঢাকা চলে যেত। হয়তো ক্রিকেটারদের কথা ভেবেই পাইলট ঝুঁকি নেননি’—বলেছেন তামিম। রানওয়েতে বিমান থেমে যাওয়ার ঘটনাকে বড় করে দেখছেন না সাকিবও, ‘শেষ পর্যন্ত তো আমরা ওই বিমানেই এলাম। বড় কোনো সমস্যা হলে নিশ্চয়ই এত দ্রুত সেটা ঠিক হতো না।’মাসকাট থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছানোর পর ক্রিকেটারদের নিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ওড়ার কথা বিমানটির। পরে সেটি বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরপরই ওই গন্ডগোল। রানওয়েতে থামার পর বেলা ১২-৩০ মিনিটে যাত্রীদের বিমান থেকে নামিয়ে বাসযোগে ভিআইপি লাউঞ্জে আনা হয়।খবর শুনে স্থানীয় ক্রিকেটার তামিম ইকবালের স্বজনেরা বিমানবন্দরে ছুটে যান। তামিমের বড় ভাই নাফিস ইকবাল তাঁর নিজেরও একইরকম একটি অভিজ্ঞতা হয়েছিল বলে জানান, ‘বাংলাদেশ বিমানের এ রকম একটি এয়ারবাসে জানুয়ারির গোড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে একই সমস্যায় পড়েছিলাম আমি ও আমার পরিবার। চাকা উত্তপ্ত হওয়ায় রাত আটটা থেকে তিনটা পর্যন্ত যাত্রীদের ঢাকা বিমানবন্দরে থাকতে হয়েছিল।’বিমানের যান্ত্রিক ত্রুটি সম্পর্কে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘উড্ডয়নের আগে চারটি চাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। পাইলটরা সেটা বুঝতে পেরে বিমানটি থামিয়ে দেন। পরে চাকা ঠান্ডা হওয়ার পর আবার উড্ডয়ন করে।’ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, থেমে যাওয়ার আগে বিমানের গতি ২০০ কিলোমিটারের বেশি ছিল। চাকার তাপমাত্রা বাড়ার পর জোর করে উড্ডয়ন করতে গেলে চাকা ফেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।