উতরালেও কঠিন গ্রুপে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে, এবার প্রতিক্রিয়া জানানোর পালা। সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম, নাজমুল হাসান, ক্যাম্পবেল জেমিসন ও সালমা খাতুন ষ প্রথম আলো
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে, এবার প্রতিক্রিয়া জানানোর পালা। সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম, নাজমুল হাসান, ক্যাম্পবেল জেমিসন ও সালমা খাতুন ষ প্রথম আলো


যোগিন্দর শর্মার বলে মিসবাহর স্কুপ, শর্ট ফাইন লেগে শ্রীশান্তের ক্যাচ। দুই পা দুই দিকে ছড়িয়ে, দুই হাত দুই দিকে উঁচিয়ে—শহীদ আফ্রিদির সেই উদ্যাপন। শেন ওয়াটসনের বলে পল কলিংউডের জয় এনে দেওয়া শট, প্রথম বিশ্ব শিরোপায় ব্রিজটাউনে উদ্বেল ইংল্যান্ড। আর প্রেমাদাসার ঝলমলে কৃত্রিম আলোয় ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের গ্যাংনাম। যেন স্মৃতির আয়না দেখে সামনে তাকানো। ভিডিও ফুটেজে আগের চার টুর্নামেন্টে ঘুরে এসে শুরু হলো আগামীর পথে হাঁটা। ২০১৪ বিশ্ব টি-টোয়েন্টির সূচি আর টিকিট বিক্রি শুরুর ঘোষণা হলো কাল ঢাকার একটি হোটেলে।

খুব বেশি আড়ম্বরপূর্ণ নয়। ছোট্ট কিন্তু পরিপাটি অনুষ্ঠান। সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানের সঙ্গে উপস্থাপনায় ছিলেন মডেল-অভিনেত্রী নওশীন নাহরিন। বক্তৃতাপর্বের শুরুতেই বিসিবিপ্রধান নাজমুল হাসানের কণ্ঠে গর্বিত উচ্চারণ, ‘২৬টি দল আর ৬০টি ম্যাচ, আইসিসি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।’ আদতেই তা-ই। ছেলেদের ১৬ আর মেয়েদের ১০, আইসিসি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি দল খেলছে বাংলাদেশের বিশ্ব টি-টোয়েন্টিতে। ২৬ দলের ৩৯০ জন ক্রিকেটার একসঙ্গে একই সময় থাকবেন বাংলাদেশে!

তবে দেশের টুর্নামেন্টের কতটা জুড়ে থাকবে বাংলাদেশ? ১৬ মার্চ মিরপুরে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্ব টি-টোয়েন্টির পঞ্চম আসর। তবে আয়োজকদের টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে পাঁচ দিনেই, যদি না মুশফিকরা উতরাতে পারে প্রাথমিক পর্ব। কেতাবি নাম ‘প্রথম রাউন্ড’-এর আড়ালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে আদতে খেলতে হবে একরকম বাছাই ম্যাচই। ‘সুপার টেন’ বা দ্বিতীয় রাউন্ডের আট দল আগেই ঠিক হয়ে আছে ২০১২ সালের অক্টোবরের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী। বাংলাদেশ ও জিম্বাবুয়ে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা ছয় দলের সঙ্গে। কাল ঘোষণা করা হয়েছে প্রথম রাউন্ড ও সুপার টেনের গ্রুপিংও। প্রথম রাউন্ডে বাংলাদেশের সঙ্গে বাছাই পেরিয়ে আসা তিন দল থাকছে ‘এ’ গ্রুপে, জিম্বাবুয়ের সঙ্গে বাছাই পেরিয়ে আসা বাকি তিন দল ‘বি’ গ্রুপে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর ১৬টি দলকে নিয়ে দুবাই ও শারজায় হবে এই বাছাইপর্ব।

উদ্বোধনী দিনের পর প্রথম রাউন্ডে বাংলাদেশের বাকি দুই ম্যাচই চট্টগ্রামে, ১৮ ও ২০ মার্চ। প্রথম পর্ব উতরাতে পারলে পরের রাউন্ডেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সুপার টেনের গ্রুপ ‘বি’তে সঙ্গী হিসেবে বাংলাদেশ পাবে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে! সুপার টেনে উঠতে পারলে বাংলাদেশের সব ম্যাচই হবে মিরপুরে। ২১ মার্চ মিরপুরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টেন। ৩ ও ৪ এপ্রিল মিরপুরে ছেলেদের ও মেয়েদের চারটি সেমিফাইনাল। ৬ এপ্রিল মিরপুরেই বেলা আড়াইটায় মেয়েদের ফাইনাল, সন্ধ্যা সাতটায় ছেলেদের ফাইনাল। ছেলেদের প্রাইজমানি মোট ৩০ লাখ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ১১ লাখ ডলার, রানার্সআপ দল সাড়ে ৫ লাখ। মেয়েদের মোট প্রাইজমানি ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৬৫ হাজার ডলার, রানার্সআপ ২৫ হাজার ডলার।

মেয়েদের ক্ষেত্রে কোয়ালিফাইং বা প্রথম-দ্বিতীয় রাউন্ডের ঝামেলা নেই। প্রথমবারের মতো এবার খেলবে ১০টি দল। কালকের অনুষ্ঠানের সবচেয়ে বিস্ময়কর ঘোষণাটা এল মেয়েদের সূচি ঘোষণাতেই। মেয়েদের টুর্নামেন্ট কক্সবাজারে হবে বলে সেখানে স্টেডিয়াম তৈরি করা নিয়ে কত কিছুই না হয়ে গেল। কাল আচমকা জানা গেল, মেয়েদের টুর্নামেন্টের ২২টি ম্যাচ আর প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ—মোট ২৮টি ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে!

ট্রান্স-তান্সমান লড়াই দিয়ে ২৩ মার্চ শুরু হবে মেয়েদের টুর্নামেন্ট, সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশের মেয়েরা এই প্রথম খেলবে কোনো বিশ্ব টুর্নামেন্টে। স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের রোমাঞ্চটা জানিয়ে বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন বললেন, ‘আশা করি, ভাইয়ারাও পরের রাউন্ড খেলবে।’ মুশফিকুর রহিম প্রথম রাউন্ডকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘প্রথম রাউন্ড খেলতে হচ্ছে বলে হতাশ নই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ আর ক্রিকেটে অনেক চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হয় আমাদের। আমরা মাঠে সেরাটা উজাড় করে দেব। আশা করি, শীর্ষ দশে জায়গা করে নেব।’

আয়োজক দেশকেও এমন পরীক্ষায় ফেলার কারণ ব্যাখ্যা করলেন আইসিসি মহাব্যবস্থাপক (বাণিজ্য) ক্যাম্পবেল জেমিসন, ‘আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ীই এটা ঠিক করা হয়েছে। এমনিতে শুধু ক্রিকেট নয়, যেকোনো খেলার বিশ্ব টুর্নামেন্টেই আয়োজকেরা ফাইনাল পর্যন্ত গেলে টুর্নামেন্ট দারুণ জমজমাট হয়। আইসিসিকে ভাগ্যবান বলতে হবে, ২০১১ বিশ্বকাপ, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবারের চ্যাম্পিয়নস ট্রফি—সব টুর্নামেন্টেই ফাইনালে খেলেছে আয়োজক দেশ। মুশফিকদের দায়িত্ব এটা ধরে রাখার।’

তবে ফাইনাল খেলা নয়, সুপার টেনে খেলতে পারাই হবে বড় এক স্বস্তি। না হলে বাংলাদেশের বিশ্বকাপ যে পুরোপুরি বাংলাদেশের হবে না!

l খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে l ১৬ মার্চ উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ l ২১ মার্চ সুপার টেন শুরু ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে

‘সুপার টেন’-এর দুই গ্রুপ

গ্রুপ ১

শ্রীলঙ্কা

ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড

কোয়ালিফায়ার (গ্রুপ-বি)

গ্রুপ ২

ওয়েস্ট ইন্ডিজ

ভারত

পাকিস্তান

অস্ট্রেলিয়া

কোয়ালিফায়ার (গ্রুপ-এ)

মেয়েদের দুই গ্রুপ

গ্রুপ ‘এ’

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান

আয়ারল্যান্ড

গ্রুপ ‘বি’

ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ

ভারত

শ্রীলঙ্কা

বাংলাদেশ