উত্তর কোরিয়ার ভাবনাজুড়ে ‘১৯৬৬’
এবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে এসে ১৯৬৬ সালের কথা নিশ্চিতভাবেই মনে হবে উত্তর কোরিয়ার। সেবার শক্তিশালী ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চমক সৃষ্টি করেছিল তারা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ইউসেবিওর অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয় উত্তর কোরিয়াকে। ১৯৬৬ সালে উত্তর কোরিয়ার সেই অনন্য কৃতিত্ব আজও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। এবার ৪৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে তাই ১৯৬৬ সালের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে দেশটি। উত্তর কোরিয়ার কোচ কিম জং হুন অবশ্য মনে করেন, অঘটন নয়, ভালো খেলেই দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যাওয়ার সামর্থ্য রয়েছে তাঁর দলের। দক্ষিণ আফ্রিকায় অবশ্য মিশনটা একেবারে কুসুমাস্তীর্ণ হবে না উত্তর কোরিয়ার। এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী গ্রুপের অংশ তাঁরা। উত্তর কোরিয়াকে খেলতে হবে ব্রাজিল, পর্তুগাল ও আইভরিকোস্টের মতো প্রতিপক্ষের সঙ্গে। এ নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন কোচ কিম। আত্মবিশ্বাসী ভাষায় তিনি বলেছেন, ‘ফুটবল বিশ্বকে কিছু একটা করে দেখিয়ে দিতে চাই আমরা। আমাদের ফুটবলারদের যা সামর্থ্য রয়েছে, তা দিয়ে অনেক কিছুই করা সম্ভব।’দলটি বিশ্বকাপকে সামনে রেখে এখন অস্ট্রিয়ায় অনুশীলন চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার পশ্চিম ভোরালবার্গের অ্যালটাচে উত্তর কোরিয়া ২-২ গোলে ড্র করেছে গ্রিসের সঙ্গে। সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের সঙ্গে এই দুর্দান্ত ড্র দল হিসেবে উত্তর কোরিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ এতে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপে উত্তর কোরিয়া ব্রাজিলকে নিয়ে একেবারেই ভাবছে না। এই ম্যাচটি নিয়ে একদম ‘যা হওয়ার হবে’ টাইপের অভিব্যক্তি তাদের। আসলে ব্রাজিলের মতো দলের বিপক্ষে উত্তর কোরিয়ার তো হারাবার কিছু নেই। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে ব্রাজিল যে খুব নির্ভর, এটা ভাবারও কোনো কারণ নেই। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা তো বলেছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ভাবনায় ফেলেছে ব্রাজিলকে। কারণ উত্তর কোরিয়া এমন একটি দল, যাদের সঙ্গে মাঠে এর আগে কখনোই দেখা হয়নি ব্রাজিলের। আর এমন ম্যাচে বড় দলটিই যে বেশি টেনশনে থাকে, এটা তো সর্বজনবিদিত সত্য। উত্তর কোরিয়ার লক্ষ্য আইভরিকোস্ট। দিদিয়ের দ্রগবার দলকে আসলেই হারানোর চিন্তা করছে তারা। তবে উত্তর কোরিয়ার জেতার ব্যাপারে নিশ্চিত কিছু বলা না গেলেও খেলাটা যে আইভরিকোস্টের জন্য সহজ হবে না, তা বলাই যায়। পর্তুগালের বিপক্ষেও কোনো একটা কিছু ঘটানোর ব্যাপারে প্রত্যয়ী তারা। অবশ্য বিশ্বকাপের মতো একটা বড় আসরে খেলার অনভিজ্ঞতাও উত্তর কোরিয়ার জন্য সমস্যার কারণ হবে বলে মনে করেন অনেকেই। কারণ এই একটি জায়গায় তাদের প্রতিপক্ষরা যোজন ক্রোশ এগিয়ে। তবে উত্তর কোরিয়ার স্ট্রাইকার জং তে-সে বলছেন, ‘এই গ্রুপে ব্রাজিল প্রথম হবে। দ্বিতীয় স্থানে থাকব আমরা। উত্তর কোরিয়ার এবারের দলটি যথেষ্ট ভালো। কী হবে কেউ তা জানে না। আমাদেরও সমান সম্ভাবনা রয়েছে।