উত্তর খুঁজছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০-এর ক্ষত ভুলতে চেয়েছিল ব্রাজিল। ভুলেছে ঠিকই। ১৯৫০ নিয়ে আর হাহাকার করবে না ব্রাজিলের কেউ। ২০১৪ যে তার চেয়েও বড় ক্ষত দিয়ে গেল! যে শোকের আড়ালে চলে যাচ্ছে ছয় দশক ধরে পুষে রাখা এক কান্নাভেজা অধ্যায়।
কিন্তু কেন? ভুলটা হলো কোথায়? দায়টাই বা কার? উত্তর খুঁজছে ব্রাজিল।
নিজেদের মাঠে ৩৯ বছর ধরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তারা হারেনি। বিশ্বকাপে খেলতে নেমেছিল আগের নয়টি ম্যাচে জিতে এসেই। মাঝপথে মানো মেনেজেসকে ছাঁটাই করে বিশ্বকাপের ভার ব্রাজিল তুলে দিয়েছিল ২০০২ বিশ্বকাপজয়ী লুইস ফেলিপে স্কলারির হাতে। মাত্র এক বছর আগে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ কী দুর্দান্তভাবেই না জিতেছিল ব্রাজিল। পাঁচ ম্যাচের সবগুলোতেই জয়, এর মধ্যে ফাইনালে বিশ্বজয়ী স্পেনকে ৩-০ গোলের বড় ধাক্কা দেওয়া।
কী এমন হলো, সেই ব্রাজিলই এমন ছন্নছাড়া? সেই ব্রাজিলই ১৯৪০ সালের পর প্রথম ঘরের মাঠে টানা দুটি ম্যাচে হারল! শেষ দুই ম্যাচে হজম করতে হলো ১০ গোল!
পরশু থিয়াগো সিলভা ফিরে আসার পরও ব্রাজিলের রক্ষণটাকে ছন্নছাড়াই দেখাল। ব্রাজিল অধিনায়ক অবশ্য ব্যাখ্যা দিলেন, ‘৭-১ গোলে হেরে যাওয়ার পর মানসিকভাবেই এই ম্যাচ খেলা আমাদের জন্য ছিল অনেক কঠিন।’ সিলভার উপলব্ধি, ‘এখন আমাদের ভেবে দেখতে হবে ভুলগুলো কোথায় হলো। আবারও একই ভুল করা চলবে না। বিশেষ করে একটা গোল খেলেই মনে হয় আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গেল। এটা অবশ্যই বদলাতে হবে। ফুটবলে প্রতি মিনিটে চেহারা পাল্টায়। এখানে গোল খেলেই হাল ছেড়ে দিলে চলবে না।’
কোথায় ভুল হলো, সেই উত্তর জানতে সিলভা ব্রাজিলের সাবেক তারকাদের মন্তব্যগুলো পড়ে দেখতে পারেন। কারণ ব্রাজিল তো বটেই, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোতে চলছে ব্যবচ্ছেদ। ব্রাজিলের সমস্যা ছিল তিন জায়গাতেই। নবিশ রক্ষণ, উদ্দেশ্যহীন মাঝমাঠ আর ধারহীন আক্রমণ। এক নেইমার ছাড়া পুরো ব্রাজিল যেন ফুটবলের নার্সারি ক্লাসের ছাত্র।
বিশ্বকাপজয়ী টোস্টাও বলছেন, আদি-অকৃত্রিম ব্রাজিলীয় ঘরানা থেকে সরে আসাটাই ব্রাজিলের মূল সমস্যা, ‘দল হিসেবে কীভাবে খেলতে হয় আমরা যেন ভুলে গেছি। ফেলিপাওসহ বেশির ভাগ কোচই এখন মাঝমাঠে উদ্দেশ্যহীন পাস খেলাচ্ছেন। ব্রাজিলের ফুটবল মানেই ছিল দৌড়, ফুসফুসের জোর, বাতাসে বল। এ ঘরানার ফুটবলের জন্য অসাধারণ একটা মাঝমাঠ দরকার। কিন্তু এখন এই জায়গায় আমাদের ভালো কোনো খেলোয়াড়ই নেই।’
সমস্যাটা আরও বিস্তারিত করে বলেছেন আরেক বিশ্বকাপজয়ী জিলবার্তো সিলভা। তিনি বলছেন, ব্রাজিলের ঘরোয়া ফুটবলেই এখন সমস্যা চলছে। যে ব্রাজিল একসময় একের পর এক অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলারের জন্ম দিয়ে গেছে, যে ব্রাজিল থেকে একসময় সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করা হতো, তারাই এখন সেই মাপের ফুটবলারের সংকটে। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের ক্লাব ফুটবলে নামকরা কেউ নন।
তবে হতাশার মরুভূমির মাঝখানেও আশার একটা সবুজ বৃক্ষ কিন্তু আছে। এই ব্রাজিলের ভরসারা এখনো তরুণ। নেইমারের বয়স ২২, অস্কার-উইলিয়ানরা ২৩-২৫। পরের বিশ্বকাপেও হাল্ক-গুস্তাভো-মার্সেলো-সিলভাদের বয়স ৩০-৩১-এর মধ্যে থাকবে। সবচেয়ে পরিণত ও অভিজ্ঞ বয়সটা নিয়েই ২০১৮ বিশ্বকাপে দল বানাতে পারবে ব্রাজিল। শুধু আস্থা রাখতে হবে এই তরুণদের ওপর! এএফপি।