উত্তর জানা নেই কামরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো। কিন্তু ভবিষ্যত্ অনিশ্চিত কামরান আকমলের। একের পর এক তাঁকে উপেক্ষা করে যাচ্ছেন নির্বাচকেরা। পাকিস্তানি এই ক্রিকেটার সর্বশেষ উপেক্ষিত হলেন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দলে।কিন্তু কেন বারবার উপেক্ষিত উপেক্ষিত হচ্ছেন এই পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান? উত্তরটা তাঁর নিজের কাছেই অজানা। ‘আমি জানি না, নির্বাচকেরা কেন আমাকে আবারও দলে নিলেন না। ঘরোয়া ক্রিকেটে ভালো করছি। শারীরিকভাবে ফিট এবং দেশের হয়ে খেলতে চাই। কিন্তু জানি না, কেন প্রতিনিয়ত উপেক্ষিত থাকছি আমি’—বলেছেন কামরান।কামরানের অজানা উত্তরটা অবশ্য জানিয়ে দিয়েছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম। তাঁর বক্তব্য, দলে যোগ্য বিবেচিত হওয়ার জন্য কামরানের সততার বিষয়গুলো স্পষ্ট হতে হবে আগে।প্রধান নির্বাচকের এই বক্তব্যের পরও অবশ্য প্রশ্ন থেকে যায়। কারণ, কামরানের বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগের প্রমাণ পায়নি পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটি। অথচ এই নৈতিকতার প্রশ্নকে পুঁজি করেই তাঁকে একের পর এক উপেক্ষা করছেন নির্বাচকেরা।কামরান বলেন, ‘পিসিবির নৈতিকতা কমিটি আমাকে ছাড়পত্র দিয়েছে। যদি কোনোভাবে ভুল করে থাকি, আমাকে চীরতরে নিষিদ্ধ করা হোক। আইসিসিসহ সবাইকেই আমি সন্তুষ্ট করেছি। এর পরও আমার বিরুদ্ধে অভিযোগ তোলা শোভন নয়।’ গত বিশ্বকাপের সেমিফাইনালের পর দল থেকে বাদ পড়েন কামরান। এরপর তিনি বাদ পড়েন জাতীয় চুক্তি থেকেও। কামরানের বিরুদ্ধে অভিযোগ, লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন তিনি। গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। শুনানিতে জুয়াড়ি মাজহার মাজিদ দাবি করেন, কামরানও এই ঘটনায় জড়িত ছিলেন। কিন্তু আইসিসি বা যুক্তরাজ্যের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেনি। সূত্র: ওয়েবসাইট।