উত্তর জানা নেই মুশফিকেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন ক্লান্তিতে ভেঙে পড়ছিল পা। মাঠ থেকে সংবাদ সম্মেলনকক্ষের পথটা কয়েক মাইল! যেতে যেতে জিজ্ঞেস করলেন, ‘প্রতিদিনই এক মুখ দেখতে ভালো লাগে আপনাদের...?’অধিনায়ক তিনি, দলের পক্ষে ম্যাচে সবচেয়ে ভালো খেলা ক্রিকেটারও। সাংবাদিকদের একই মুখ দেখতে ভালো লাগুক আর না লাগুক, সংবাদ সম্মেলনে যেতে ইচ্ছে করুক আর না-ই করুক, মুশফিকুর রহিমকে মাইক্রোফোনের সামনে বসতেই হবে।মাইক্রোফোনের সামনে হতাশার কথাই বললেন বাংলাদেশ অধিনায়ক। তবে কণ্ঠটা অনেক দৃঢ়। যেন চাইছিলেন, তাঁর কথাগুলো দলের টপ অর্ডার ব্যাটসম্যানরাও শুনুক ড্রেসিংরুম থেকে। টসে জিতে ন্যাড়া উইকেটে ব্যাটিং নিয়েছিলেন। কিন্তু সেখানে টপ অর্ডার ব্যাটসম্যানদের আত্মাহুতি মানতে পারছেন না। এমন ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই অধিনায়কের কাছে, ‘আসলে এর উত্তর আমার কাছেও নেই। ফ্ল্যাট উইকেটে টস জিতে ব্যাটিং নিলাম। উইকেটে তেমন কিছুই ছিল না। না মুভমেন্ট, না কিছু।’ ব্যাটিংয়ে যাওয়ার আগে পরিকল্পনা ছিল প্রথম ১০ ওভারে ৩০-৩৫ রান হলেও যেন উইকেট না পড়ে। হলো উল্টোটা—১০ ওভার শেষে ২৬ রান তুলতেই ৪ উইকেট নেই! ধৈর্যের পরীক্ষায় ব্যর্থতা মানতে অপারগ মুশফিক, ‘কেউ যদি উইকেটে গিয়ে একটু সময় নিত...টপ অর্ডারে এ রকম কেউ করলে অন্য রকম হতে পারত সবকিছু। ১৮ রানে ৪ উইকেট পড়ে গেলে ফিরে আসা কঠিন। তার পরও নাসির, রাজ ভাই (রাজ্জাক), নাঈম ভাই শেষদিকে ভালো ফাইট দিয়েছে। সে জন্যই সম্মানজনক স্কোর হয়েছে।’টপ অর্ডারের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কারণ মুশফিকের চোখে ‘দায়িত্বহীনতা’, ‘কাউকে কিছু বলার নেই, সবাই পরিণত। সব সময়ই বলা হয় যে একটা উইকেট পড়ে গেলে সতর্ক হতে হবে। আমার মনে হয় টপ অর্ডারে আমরা দায়িত্বজ্ঞানহীনের মতো খেলেছি। আজ (গতকাল) বাঁচা-মরার ম্যাচ ছিল। তাদের উচিত ছিল দায়িত্ব নিয়ে খেলা।’মিডল অর্ডারে মুশফিক নিজে এবং পরের দিকে নাঈম-রাজ্জাক-নাসিররা দায়িত্ব নিলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢাকা যায়নি। তাতে অধিনায়কের শততম ওয়ানডেটাও স্মরণীয় হতে পারল না। মুশফিক অবশ্য মাঝখানে ভুলেই গিয়েছিলেন ম্যাচটা তাঁর শততম। প্রসঙ্গটা তুলতেই তাই ধন্যবাদ পেলেন প্রশ্নকর্তা, ‘মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একসময় তো ভুলেই গিয়েছিলাম...। আসলে ম্যাচটা অন্যভাবে মনে রাখতে চেয়েছিলাম। সবাই যদি ভালো করে, আমিও ভালো করি...টিম যদি জিতত, বড় অর্জন হতো। অনেক দিন মনে থাকত। তবে এভাবে হারাতে যে ভুলে যাব তা-ও না। এটাও মনে থাকবে।’প্রথম ওয়ানডেতে হারার পর উইকেটকে দুষেছিলেন অধিনায়ক। কাল সেই সুযোগটাও ছিল না, পারলে যেন আগের অভিযোগটাও তুলে নেন, ‘যে তিনটা ম্যাচ হলো, উইকেটের কোনো দোষই ছিল না। আমরা খেলতে না পারলে উইকেটকে দোষ দিয়ে লাভ হবে না। আমাদের সমস্যাগুলো বরং তাতে ঢাকা পড়ে যাবে।’এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মুশফিকের তবু বিশ্বাস, বাকি এক ওয়ানডে আর দুই টেস্টে এখনো অনেক কিছু পাওয়ার আছে। ওয়েস্ট ইন্ডিজের এই দলের বেশির ভাগই কখনো চট্টগ্রামে খেলেনি। তাদের অনভ্যস্ততাকে পুঁজি করা যেতে পারে।সিরিজ জেতার পর সংবাদ সম্মেলনে এসে ম্যান অব দ্য ম্যাচ মারলন স্যামুয়েলসও বাংলাদেশকে দিলেন ‘বিপজ্জনক’ দলের সম্মান। ব্যাখ্যা করলেন কারণটাও, ‘বাংলাদেশ অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মতো খেলে। কোনো কোনো দিন আমরা সব দিক দিয়েই খুব ভালো খেলি, আবার পরের দিন হয়তো একদমই বাজে খেলি। কাজেই যেকোনো পরিস্থিতির জন্যই আমরা সতর্ক।’কথাটা পেশাদার খেলোয়াড়ের মতোই। তবে ১৮ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ে যাওয়ার পর স্যামুয়েলসের মনে হয়েছিল আরেকটি ৫৮’র ঘটনা ঘটলেও ঘটতে পারে। কিন্তু বাংলাদেশ সেটি ঘটতে না দিয়ে মানসিক দৃঢ়তা দেখিয়েছে। মুশফিক বলে গেছেন, চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৫৮ রানে অলআউট হওয়ার ভয়জাগানিয়া স্মৃতিটা ফিরে আসেনি তাঁদের মধ্যে।হারা ম্যাচে বাংলাদেশের জয় বোধ হয় এই জায়গাতেই!