উত্তর-দক্ষিণের ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের এক কোনায় ছক্কা মারার অনুশীলন করে যাচ্ছেন নাসির হোসেন, আরেক পাশে সমানে সুইপ শট খেলে যাচ্ছেন মিজানুর রহমান। অনুশীলন দেখে কে বলবে, দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র পাঁচ দিনের ম্যাচ পরদিন থেকে!
অনুশীলন যেমনই হোক, আজ থেকে দুই দলের ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের ফাইনাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পাঁচ দিনের ফাইনালে মুখোমুখি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও প্রথমবারের রানার্সআপ বিসিবি উত্তরাঞ্চল। ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা শুধু বড় দৈর্ঘে৵র ম্যাচ বলেই নয়, টুর্নামেন্টের নিয়মের কারণেও। ম্যাচ ড্র হলে জয়ী নির্ধারিত হবে প্রথম ইনিংসের বোনাস পয়েন্টে। প্রথম ইনিংসটি তাই বড় করতে চাইবে দুই দলই!
দুই দলই অবশ্য মনে করছে, ম্যাচে ফলাফল হবে। দক্ষিণাঞ্চলের অধিনায়ক আবদুর রাজ্জাক বললেন, ‘পাঁচ দিনের ম্যাচ যেহেতু, ফল হবে বলেই আমার ধারণা। আমরা জেতার জন্যই খেলব। আমাদের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী।’ উত্তরাঞ্চলের কোচ ওয়াহিদুল গনির কণ্ঠেও জয়ের আশা, ‘প্রথম ইনিংস দিয়ে কেউ জিততে পারবে বলে মনে হয় না। ম্যাচে ফল হবে। গত ম্যাচ আমরা যেভাবে জিতেছি, তাতে আত্মবিশ্বাসী ফাইনাল জিতব।’
রাজ্জাক যেমন বলেছেন, ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে স্পিনাররাই। দক্ষিণাঞ্চলের দুই স্পিনার রাজ্জাক ও সোহাগ গাজী মিলে তিন ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। উত্তরাঞ্চলের তাইজুল আবার একাই নিয়েছেন ২৭টি উইকেট!