উত্তর দিতে হলো বোল্টকেও

এক বছর পর লন্ডনে ফিরলেন উসাইন বোল্ট। কোথায় ১২ মাস আগের সুখস্মৃতি রোমন্থন করবেন তা নয়, বিশ্বের দ্রুততম মানবকে কথা বলতে হলো ডোপ কেলেঙ্কারি নিয়ে। করলেন আত্মপক্ষ সমর্থন, ‘আমি নির্দোষ।’ সমর্থকদের অনুরোধ করলেন, সবাই যেন তাঁর ওপর আস্থা রাখেন।
হওয়ার কথা ছিল উল্টোটাই। বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০, ২০০ ও ৪–১০০ মিটারের ট্রেবল জিতেছিলেন বোল্ট। অলিম্পিকের বর্ষপূর্তিতে এবার লন্ডনে আয়োজিত হচ্ছে অ্যানিভার্সারি গেমস। সেটারই অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ডায়মন্ড লিগের বিশেষ মিট। সেখানেই আজ ১০০ মিটার ও কাল রিলেতে অংশ নেবেন বোল্ট। এই গেমসেরও মূল আকর্ষণ আগামী মাসে ২৭-এ পা দিতে যাওয়া এই জ্যামাইকান।
সতীর্থ দুই জ্যামাইকান আসাফা পাওয়েল ও শ্যারন সিম্পসন এবং মার্কিন স্প্রিন্ট তারকা টাইসন গের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবরে টালমাটাল এখন অ্যাথলেটিকস বিশ্ব। খেলাটায় তো কালি পড়েছেই, অ্যাথলেটদের বিশ্বাসযোগ্যতাও প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। এরই ধারাবাহিকতায় কাল লন্ডনে ইতিহাসের দ্রুততম মানবকে মুখোমুখি হতে হলো এই প্রশ্নের, ‘মানুষ কি বোল্টকে বিশ্বাস করতে পারে?’
প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করেই উত্তরটা দিলেন বোল্ট, ‘আপনি কবে থেকে উসাইন বোল্টকে জানেন? ২০০৮? আপনি যদি ২০০২ সাল থেকে আমাকে চিনতেন, তবে জানতেন ১৫ বছর বয়স থেকেই আমি অবিশ্বাস্য সব কাজ করে আসছি। আমি যে সমস্ত দৌড়ে অংশ নিয়েছি, তার সব কটিরই রেকর্ড ভেঙেছি। এভাবেই আমি নিজেকে প্রমাণ করেছি।’
একের পর এক ডোপ কেলেঙ্কারিতে টালমাটাল অ্যাথলেটিকস বিশ্ব। সত্যটা স্বীকার করে নিলেও বোল্ট আশা করছেন, পারফর্ম করেই তিনি মানুষকে সাহায্য করবেন যা ঘটেছে তা ভুলে যেতে, ‘মানুষকে অনুপ্রেরণা জোগাতে ও দৌড়াতেই আমার জন্ম। আমি একটি উপহার পেয়েছি, আর আমি সেটাই করে যাচ্ছি। আমার নিজের ও আমার দলের ওপর আস্থা আছে। আর আমি জানি, আমি নিষ্কলুষ।’ এএফপি, রয়টার্স।