
সুপার টেনে বাংলাদেশ দল এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের কাছে হারলেও প্রথম পর্বের হংকং-ট্র্যাজেডিই বেশি পোড়াচ্ছে কোচকে। জার্গেনসেনকে সুপার টেনের পারফরম্যান্সে খুব বেশি অসন্তুষ্ট মনে হচ্ছে না, ‘দুর্ভাগ্যজনকভাবে এখানে প্রত্যাশা অনেক বেশি। ছেলেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে সেটা পূরণ করতে। তাদের প্রশংসা করতেই হবে। আমরা খুব কঠিন একটা গ্রুপে ছিলাম। পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ—তিন দলই এর আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই ফরম্যাটে তারা ধারাবাহিকও। তাদের হারানোটা আমাদের জন্য কঠিন।’
তবে জার্গেনসেনও মনে করেন, সুপার টেনে অন্তত একটা ম্যাচ জিততে পারলে ভালো হতো। কোচের আশা, কাঙ্ক্ষিত সেই জয়টা আসতে পারে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও, ‘সব মিলিয়ে তাদের (অস্ট্রেলিয়া) অবস্থা আমাদের মতোই। তবে কার সঙ্গে খেলছি সেটা বড় কথা নয়। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রক্রিয়া ঠিক থাকাই বেশি জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করা।’ শেষ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে জার্গেনসেনের জন্য সেটা হবে অন্য এক অভিজ্ঞতা। তিনি নিজেও যে অস্ট্রেলিয়ান!