উত্তর নেই মুশফিকের কাছেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে আসল টিম মিটিংয়ের আগে মাঠেই ছোট দুটি ‘মিটিং’ করে গেলেন স্টুয়ার্ট ল। প্রথমটা তিন নির্বাচকের সঙ্গে। দূর থেকে শরীরী ভাষা দেখেও বোঝার উপায় ছিল না আলোচনার বিষয়বস্তু। ব্যাটিং বিপর্যয় নিয়েই হবে হয়তো। তবে গামিনি ডি সিলভার সঙ্গে দ্বিতীয় ‘মিটিং’য়ের বিষয় বুঝতে অসুবিধা হয়নি। যে ম্যাচে প্রধানতম আলোচনাই উইকেট-সংক্রান্ত, সে ম্যাচ শেষে স্বাগতিক দেশের কোচ আর কিউরেটরের আলোচনা তো উইকেট নিয়েই হবে!স্টুয়ার্ট ল এই আলোচনাটা সাংবাদিকদের সঙ্গে করতে চাইলেন না। ‘টিম মিটিং আছে’ বলে ঢুকে পড়লেন ড্রেসিংরুমে। তবে খানিক আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম কালকের ব্যাটিং-ব্যর্থতার বেশির ভাগ দায় উইকেটের ওপরই দিলেন। নিজেদের মাঠে খেলে কোথায় ‘হোম অ্যাডভান্টেজ’ পাবেন তা না, শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নাকি বাংলাদেশের কাছেই একেক ম্যাচে একেক রকম হয়ে ধরা দিচ্ছে!অধিনায়ক বলতে বাধ্য হলেন, ‘হোম অ্যাডভান্টেজ কাকে বলে এই দুটি সিরিজে আমি বুঝিনি! যখন নিজের মাঠে খেলবেন, পরিচিত উইকেটে খেলবেন—এটাই স্বাভাবিক। আপনি জানবেন কত রান করলে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা করা যায়। যদি না-ই জানেন, এখানে ১৫০ রান করলে চলবে নাকি ২৪০ করতে হবে, তাহলে কিন্তু ব্যাটসম্যানদের মানসিকতাও ও রকমই হয়ে যায়।’ উইকেট মুশফিকের কাছে এমনই দুর্বোধ্য, সমস্যা কোথায় সেটাও ধরতে পারছেন না, ‘প্রশ্ন তো আমারও, উইকেটে আসলে সমস্যা আছে কিনা...। সমস্যা বুঝতে পারলে সেটার সমাধান করে আমরাও সেভাবে ব্যাটিং করতাম।’৯১ রানে অলআউট হওয়ার সব দোষই অবশ্য উইকেটের ওপর চাপাননি অধিনায়ক। কিছুটা দায় নিজেরাও নিলেন, ‘যে রকম প্রত্যাশা করছি, সে রকম উইকেট পাচ্ছি না। একই সঙ্গে আমাদের যে রকম খেলা উচিত আমরাও সে রকম খেলতে পারছি না।’ ওয়ানডেতে পাকিস্তানের বোলিং আক্রমণকে ‘অন্যতম সেরা’ বলেও নিজেদের দোষ ঢাকেননি। মিরপুরের উইকেটের মতো বাংলাদেশের ব্যাটিংটাও তাঁর দৃষ্টিতে পূর্বানুমান অযোগ্য, ‘এটা সম্ভবত কেবল আমাদের দলের পক্ষেই সম্ভব। একদিন আমরা ২৫০-৩০০ রান করি তো, আরেক দিন ৮০ রানে অলআউট হয়ে যাই। অথচ অন্যান্য দল খারাপ করলেও অন্তত ১৫০-৬০ করে। আসলে ২-৩টি উইকেট পড়ে যাওয়ার পর আর আত্মবিশ্বাস থাকে না যে আমরা পারব।’নয় মাসের মধ্যে তিনবার এক শর নিচে অলআউট হওয়ার ঘটনা থেকে একটা বার্তা মুশফিকের কাছেও পরিষ্কার। প্রত্যাশিত উন্নতিটা করতে পারছে না তাঁর দল। সংবাদ সম্মেলনে স্বীকার করলেন, ‘আমরা যে খুব বেশি উন্নতি করতে পারছি না, এটা মনে হয় তারই প্রমাণ। ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি যেটাই হোক, আমরা এক পা এগোচ্ছি তো পাঁচ পা পেছাচ্ছি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে, পাকিস্তান বা অস্ট্রেলিয়াই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা না থাকলে আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন না। যেটা আমরা পারছি না।’উন্নতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিংই। নইলে স্কোর বোর্ডে মাত্র ৯১ রান নিয়েও পাকিস্তানের ৫ উইকেট ফেলে দেওয়া তো বোলিং সামর্থ্যেরই প্রকাশ! মুশফিকও বোলারদের প্রাপ্যটুকু দিলেন। সঙ্গে আবারও মনে করিয়ে দিলেন, ‘জিততে হলে শুধু বোলারদের ভালো করলেই হবে না, ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে। দায়িত্ব নিয়ে খেলতে হবে। গত তিনটা সিরিজেই আমাদের টপ-অর্ডার দায়িত্ব নিয়ে খেলতে পারছে না।’ আর টপ-অর্ডারের ব্যর্থতা মানে পরের দিকের ব্যাটসম্যানদের চাপে পড়ে যাওয়া। শেষে পুরো ব্যাটিংটাই হয়ে যাচ্ছে এলোমেলো। ‘রানে না থাকলে আত্মবিশ্বাস এমনিতেই কম থাকে। এ জন্য হয়তো সবাই একটু চাপে আছে। স্বাধীনভাবে খেলতে পারছে না। শুরুতেই ২-৩টা উইকেট পড়ে গেলে সেই চাপ আরও বেড়ে যায়। ব্যাটিং নিয়ে আমাদের আরও কাজ করা দরকার’—বলেছেন মুশফিক।দায়িত্ব নেওয়া দূরের কথা, বেশির ভাগ সময়ই ব্যাটসম্যানরা প্রতিপক্ষ বোলারদের উইকেট ‘উপহার’ দিয়ে আসছেন। ৯১ রানে অলআউট হওয়ার পর কাল ড্রেসিংরুমে এসব নিয়েই কথা হয়েছে দলের মধ্যে। মুশফিকের আশা, কথাগুলো কানে যাবে সবার। ভুল শুধরে আগামীকাল মাঠে নামা যাবে দ্বিতীয় ওয়ানডেতে।আশা করতেই হবে। দুঃসময়ে আশাই তো ভরসা!