উত্তরসূরি নেই পলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জিতবে কোন দল? ব্রাজিল না ক্যামেরুন? অক্টোপাস পল থাকলে অন্তত ম্যাচের ভবিষ্যদ্বাণী নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। খেলা শুরুর আগেই জানতে পারতেন জয়ী দলের নাম।
জার্মানির সি লাইফ সেন্টারের ছোট্ট অক্টোপাস গত বিশ্বকাপে দারুণ সাড়া ফেলেছিল প্রতিটি ম্যাচের আগাম ফল জানিয়ে। দক্ষিণ আফ্রিকায় স্পেনই চ্যাম্পিয়ন হবে, দুঃসংবাদটা জার্মানিরা আগেই জেনেছিল পলের সুবাদে। স্পেন বিশ্বকাপ েজতার কয়েক মাস পর পৃথিবী ছাড়ে পল। রেখে যায়নি কোনো উত্তরসূরি।
এরই মধ্যে দিন দশেক পেরিয়ে গেছে ব্রাজিল বিশ্বকাপের। ম্যাচের ফল জানাতে অনেক প্রাণীই চেষ্টা করছে, কিন্তু কেউ পলের মতো নিখুঁত উত্তর দিতে পারছে না। অস্ট্রেলিয়ার চিড়িয়াখানার ক্যাঙারু ফ্লপসি বলেছিল, পর্তুগাল হারাবে জার্মানিকে। উল্টো জার্মানির কাছে নাকানিচুবানি খেয়েছেন রোনালদোরা। এমনকি হল্যান্ডের সঙ্গে সকারুদের জয়ের কথাও আগাম জানায় ফ্লপসি। কিন্তু ফ্লপসির গণনা ‘ফ্লপ’ করে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারায় হল্যান্ড। এরপর কেই-বা সাহস করে ওই ক্যাঙারুর ওপর ভরসা রাখবে?
সিঙ্গাপুরের টিয়া পাখি মানি, সুইজারল্যান্ডের গিনিপিগ মাদাম শিবকে বেশ তৎপর হয়ে বলতে শোনা গেল, ইকুয়েডর হারাবে সুইজারল্যান্ডকে। উল্টো িজতে গেল সুইজারল্যান্ড! এরপর সুইজারল্যান্ড-ফ্রান্স ম্যাচে শিবের বাজি ছিল সুইসদের পক্ষে। কিন্তু শিবের কথা মিথ্যা প্রমাণ করে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় ফ্রান্স।
শিবের কথা মিথ্যা হচ্ছে বলে তো বসে থাকতে পারে না অন্য গুনিনেরা। তাই জার্মানরা খুঁজে বের করল স্কেলবিগ-হলস্টেইন নামের কচ্ছপ, পেঙ্গুইন রোনাল্ড, সজারুর মতো দেখতে টাকা নামের এক স্তন্যপায়ী প্রাণী, হাতি নেলি ও বেজি ফারেট। কিন্তু একে একে সবাই ব্যর্থ।
ম্যাচের ভবিষ্যদ্বাণী নিয়ে ‘পেলেও’ নাকি ভুল করছে! না, ব্রাজিল কিংবদন্তি নন, যুক্তরাজ্যে পেলে নামের পিরানহা মাছ দাবি করে বসে, মানাউসে ইতালিকে দুমড়েমুচড়ে দেবে ইংল্যান্ড। কিন্তু ইতালির কাছে তো হেরেছেই, উরুগুয়ের কাছেও হেরে দেশের বিমান ধরতে হচ্ছে রুনিদের!
ব্রাজিলের সৈকতের ধারের গ্রাম প্রাইয়া দো ফোর্তের একটি কচ্ছপের সঙ্গে পাল্লা দিচ্ছে কুরিতিবার বড়সড় ক্যাপিবারা ইঁদুর। সিটি হলের বাজারে দাঁড়িয়ে ইঁদুরের মালিক আলভারো বোরবা জোর ঘোষণা দিচ্ছেন, ‘অন্য প্রাণীগুলো শুধু ম্যাচের আগাম ফলই বলতে পারছে। কিন্তু ক্যাপিবারা বলবে ম্যাচের বিশেষ কিছু।’ বিশেষ কিছুটা কী? ক্যামেরুন-ব্রাজিল ম্যাচ নিয়ে ওই ইঁদুরের বিশ্লেষণ ব্যাখ্যা করলেন বোরবা, ‘ও বলতে চাইছে, বল মাঝ মাঠেই ঘুরবে। বিরক্তির ম্যাচ হবে ওটি।’
দুঃখিত পল। তোমার অভাব ব্রাজিল বিশ্বকাপে ভালোই টের পাওয়া যাচ্ছে! রয়টার্স।