উত্তরাঞ্চলের আশা দেখাচ্ছেন ফরহাদ-নাসির

৫৭৩ রানের লক্ষ্য—হিমালয়ের চূড়ায় ওঠার মতোই কঠিন! দক্ষিণাঞ্চলের দেওয়া এ লক্ষ্য টপকাতে রীতিমতো ইতিহাসই গড়তে হবে উত্তরাঞ্চলের। ‘যা হয় হবে, উইকেট আঁঁকড়ে খেলে যাব’—উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা বোধ হয় এ নীতিতে এগোচ্ছেন। নাসির হোসেন ও ফরহাদ হোসেনের দুই ফিফটিতে দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ২৫৪। অন্যদিকে বিসিএলে টানা তিন ম্যাচে ১০ উইকেট পেলেন তাইজুল।
দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ফিফটি পেয়েছেন। শুভাগত হোমের বলে এলবিডব্লু হওয়ার আগে জুনায়েদ সিদ্দিকি করেছেন ৫১ রান। ১২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেন ফরহাদ ও নাসির। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১২৮। ফরহাদ অপরাজিত ছিলেন ৮৫ ও নাসির ৬৭ রানে। দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ২৫৪। এখনো প্রয়োজন ৩১৯, হাতে রয়েছে ৭ উইকেট।
এর আগে আগের দিনের সঙ্গে ১২৬ রান যোগ করে ৫৩৬ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। ১১১ রানে অপরাজিত থাকা মিঠুন আজ ১৫ রান যোগ করে ১২৬ রানে আউট হয়েছেন শুভাশিষ রায়ের বলে। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট পেলেও ম্যাচে আবারও ১০ উইকেট পেলেন তাইজুল ইসলাম। বিসিএলে টানা তিন ম্যাচে ১০ কিংবা তারও বেশি উইকেট পেলেন উত্তরাঞ্চলের এ স্পিনার।