উত্তরাঞ্চলের ভালো শুরু
প্রথম রাউন্ডের প্রথম দিনটাই যেন ফিরে এল কাল শহীদ চান্দু স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিন বিসিবি উত্তরাঞ্চল ৪ উইকেটে করেছিল ২৯৪ রান। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে করল ৫ উইকেটে ২৮১। তবে প্রথম ম্যাচের মতো কুয়াশা ঝামেলা করেনি কাল, নির্ধারিত সময়ে শুরু হয়ে খেলা হয়েছে পুরো ৯০ ওভারই। বগুড়ায় টস জিতেছিলেন ঘরের ছেলে মুশফিকুর রহিম। ব্যাটিং বেছে নেওয়া উত্তরাঞ্চলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার মাইশুকুর ও জুনায়েদ সিদ্দিক। উদ্বোধনী জুটিতে ১২৪ রান ওঠার পর শুভাগত হোমের বলে শরীফের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জুনায়েদ। ততক্ষণে অবশ্য ৭৮ রান করে ফেলেছেন এই বাঁহাতি। তাঁর ১৩৫ বলের ইনিংসে ছিল ১১টি চার। জুনায়েদের বিদায়ের ৫ রান পরেই ৪৯ রানে আউট জহুরুল ইসলামের বদলে দলে ঢোকা মাইশুকুর। এরপর তৃতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন ফরহাদ হোসেন ও নাঈম ইসলাম। ইলিয়াস সানিকে দ্বিতীয় উইকেট উপহার দেওয়া নাঈম করেছেন ৯০ বলে ৩৬। আগের ম্যাচে ৬০ রান করেছিলেন ফরহাদ, কাল করেছেন ৭৪। ১০ চারে ১৪২ বলে এই রান। উত্তরের অধিনায়ক মুশফিক ৩৩ রানে ও পেসার সাজেদুল ইসলাম শূন্য রানে অপরাজিত ছিলেন।একাদশে তিনটি পরিবর্তন নিয়ে এই ম্যাচ খেলছে মধ্যাঞ্চল। মাহমুদউল্লাহ, তালহা জুবায়ের ও আসিফ আহমেদের পরিবর্তে খেলছেন শুভাগত হোম, মোহাম্মদ শরীফ ও রকিবুল হাসান।সংক্ষিপ্ত স্কোরবিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৫ (মাইশুকুর ৪৯, জুনায়েদ ৭৮, ফরহাদ হোসেন ৭৪, নাঈম ৩৬, মুশফিক ৩৩*, নাসির ৪, সাজেদুল ০*; শাহাদাত ১/৩৪, শরীফ ১/৪৬, মোশাররফ ০/৭৪, শুভাগত ১/৪১, সানি ২/৭৩, আশরাফুল ০/৬, মার্শাল ০/৫)।