উত্তরাঞ্চলের সহজ জয়
জয়ের কাজটা বল হাতেই অনেকখানি এগিয়ে রেখেছিলেন তাইজুল ইসলাম ও শুভাশিস রায়। দুর্দান্ত বোলিং করে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়েছিলেন মাত্র ১৩৯ রানে। এরপর ১৬২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি উত্তরাঞ্চলকে। নাঈম ইসলামের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মুশফিকুর রহিমের দল।৭৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নাঈম। অধিনায়ক মুশফিক অপরাজিত ছিলেন ২৯ রানে।
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছেন তাইজুল। ১৮ ওভার বল করে মাত্র ৫১ রানের বিনিময়েই পাঁচটি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ডানহাতি পেসার শুভাশিসও। দুজনের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি পূর্বাঞ্চল। ৩ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩৯ রানেই। চারটি উইকেট গেছে শুভাশিসের ঝুলিতে।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি উত্তরাঞ্চল। প্রথম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছিলেন জহুরুল ইসলাম। তবে ঝোড়ো ব্যাটিং চালিয়ে গেছেন আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিক ও সোহরাওয়ার্দী শুভ। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ৫৬ রানের জুটি। এরপর টানা দুই ওভারে এই দুজনকেই সাজঘরে ফিরিয়ে খেলায় ফেরার জোর চেষ্টা চালিয়েছিলেন ধীমান ঘোষ। কিন্তু চতুর্থ উইকেটে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নাইম ও মুশফিক।
বিসিএলের অপর ম্যাচে সমানে সমানেই লড়ছে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। আগামীকাল শেষ দিনে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন ১৫১ রান। মধ্যাঞ্চলের দরকার সাত উইকেট।
জাতীয় দলে ডাক পাওয়ার উপলক্ষ্যটা ভালোভাবেই উদযাপন করেছেন ইমরুল কায়েস। তাঁর ৭৪ রানের লড়াকু ইনিংসটার ফলেই জয়ের স্বপ্ন জোরদার হয়েছে দক্ষিণাঞ্চলের। জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিল আবদুর রাজ্জাকের দল। কিন্তু দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন ইমরুল ও এনামুল হক। দিনের শেষ ভাগে অবশ্য এই দুজনকেই সাজঘরে ফিরিয়ে জয়ের স্বপ্ন জিইয়ে রেখেছে মধ্যাঞ্চলও।