ব্রিজটাউন টেস্টের প্রথম তিন দিন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় দিয়েই উইন্ডিজ সফর শুরু করতে পেরেছে অস্ট্রেলিয়া। রায়ান হ্যারিসের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা।আজ পঞ্চম দিনে উইন্ডিজকে মাত্র ১৪৮ রানে গুটিয়ে দেওয়ার পর জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। দেওনারায়ণ ও কেমার রোচ ভালো বোলিং করলেও তা অস্ট্রেলিয়াকে জয়-বঞ্চিত করার জন্য যথেষ্ট ছিল না। ৫৩ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন দেওনারায়ণ। ২টি উইকেট শিকার করেছেন রোচ। ৩২ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানিই এগিয়ে দিয়েছিলেন শেন ওয়াটসন ও এড কোয়ান। ওয়াটসন করেন দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৫২ রান। কোয়ানের ব্যাট থেকে আসে ৩৪ রান। এরপর স্কোরবোর্ডে আর ৩৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ওয়াটসন, কোয়ান, পন্টিং ও ক্লার্ক। এত কাছে এসেও জয় হাতছাড়া হয় কি না, সে আশঙ্কায় কিছুক্ষণের জন্য হলেও দুলে উঠেছিল অস্ট্রেলীয় শিবির। তবে ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়ে জয়টা নাগালে নিয়ে আসেন ম্যাথু ওয়াডে ও মাইক হাসি।