উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের জয়
১৭তম ওভারে ১২২ রানে পাঁচ উইকেট পতনের পর হার অনেকখানিই নিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ সময়েও ‘ডি’ গ্রুপের এই ম্যাচটিতে চরম উত্তেজনা তৈরি করেছিলেন জেমস ফ্রাঙ্কলিন ও রস টেলর। মাত্র ১১ বলে ২৬ রানের ইনিংস খেলে কিউই শিবিরে জয়ের আশা জাগিয়েছিলেন টেলর। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ হাসি হেসেছে পাকিস্তানই। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোমতোই করেছে হাফিজ বাহিনী। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ৩০ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন সাইদ আজমল।পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৫৩ রান সংগ্রহ করেছিলেন দুই ওপেনার রব নিকোল ও কেন উইলিয়ামসন। সপ্তম ওভারে এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান শহীদ আফ্রিদি। ৩৩ রান করে ফিরে যান নিকোল। পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার কেন উইলিয়াসমস। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে কিউই শিবিরে জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রান্ডন ম্যাককালাম। কিন্তু ১৫ ও ১৬তম ওভারে আউট হন দুজনই। ভেট্টোরি ১৮ ও ম্যাককালাম ৩২ রান করেছেন। ১৭তম ওভারে ১৩ রান করা জেমস ফ্রাঙ্কলিনও সাজঘরের পথ ধরলে হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় কিউইদের। কিন্তু তার পরও শেষ মুহূর্তে খেলাটিতে যথেষ্ট উত্তাপ ছড়িয়েছেন রস টেলর। ১১ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে কিউই শিবিরে আশার সঞ্চার করেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। কিন্তু ১৯তম ওভারে ঝুঁকি নিয়ে দুই রান নিতে গিয়ে রানআউটের শিকার হন টেলর। পাকিস্তান পায় ১৩ রানের ঘামঝরানো জয়।