উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের ২ উইকেটের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩৭ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এই বিপর্যয়ে দলের হাল ধরেন উমর গুল ও উমর আকমল। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারায় পাকিস্তান। ৪১ বলে ৪৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আকমল। ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলে পাকিস্তানের এই দুর্দান্ত জয়ের পেছনে বড় অবদান রেখেছেন উমর গুল। দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ২২ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন ডেল স্টেইন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম সাত ওভারের মধ্যে স্কোরবোর্ডে মাত্র ৩৭ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ইমরান নাজির, মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ ও কামরান আকমল। পঞ্চম উইকেটে ৫.৩ ওভার উইকেটে থেকে ২৬ রানের জুটি গড়েছিলেন উমর আকমল ও শোয়েব মালিক। ১২ ও ১৩তম ওভারে মালিক ও শহীদ আফ্রিদি সাজঘরে ফিরলে হতাশ হয়ে পড়েন পাকিস্তানের সমর্থকেরা। ১৫তম ওভারে ইয়াসির আরাফাত আউট হওয়ার পর পাকিস্তানের স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৭ উইকেটে ৭৬ রান। এই পর্যায়ে হয়তো পাকিস্তানের হার নিশ্চিতই ধরে রেখেছিলেন অনেকে। কিন্তু অষ্টম উইকেটে ৪৯ রানের ম্যাচজয়ী এক জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন উমর গুল ও উমর আকমল। এই ৪৯ রান তাঁরা করেন মাত্র ২৭ বলে। ১৯তম ওভারের শেষ বলে ৩২ রানের চমত্কার ইনিংস খেলে ফিরে যান উমর গুল। শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রান সংগ্রহ করতে কোনো সমস্যায় পড়তে হয়নি উমর আকমল ও সাঈদ আজমলের। ৪১ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আকমল।