উত্ত্যক্ত হয়েই চড় রিবেরির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারভাজালকে রিবেরি চড় মেরেছিলেন উত্ত্যক্ত হয়েই! ছবি: রয়টার্স।
কারভাজালকে রিবেরি চড় মেরেছিলেন উত্ত্যক্ত হয়েই! ছবি: রয়টার্স।

ড্যানিয়েল কারভাহালকে চড় মেরে সমালোচিত ফ্রাঙ্ক রিবেরি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল ডিফেন্ডার কারভাহালকে চড় মারার আগে রিবেরিকে উত্ত্যক্ত করা হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নোয়েল লি গ্রায়েত। চড় মারার ঘটনাটি রিবেরির চরিত্রের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

‘ঘটনাটি দুঃখজনক সন্দেহ নেই। বলা যায়, বাজে ব্যাপার। তবে রিবেরিও সম্প্রতি বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’—চড় মারার ঘটনার ব্যাপারে রিবেরির সাম্প্রতিক ফর্ম মিলিয়ে কিছুটা রসিকতাচ্ছলেই মন্তব্য গ্রায়েতের।

তবে স্বভাব অনুযায়ী রিবেরির এ ধরনের আচরণ কিছুটা বেমানানই ঠেকছে গ্রায়েতের কাছে, ‘রিবেরিকে যত দূর চিনি ও জানি তাতে এ ধরনের ঘটনা ঘটানোর মতো মানুষ সে নয়। খুব সম্ভবত চড়-কাণ্ডের আগে রিবেরিকে কিছুটা উত্ত্যক্ত করা হয়েছিল।’

ব্যালন ডি’অর না পেয়েই কিনা, গত জানুয়ারি থেকে সময়টা খুব বাজে যাচ্ছে এই ফরাসি প্লেমেকারের। তা ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচটায় ১৬ মিনিটেই গোল খেয়ে পুরো বায়ার্ন দলই নার্ভাস হয়ে পড়েছিল। এএফপি।