উদার মনে গোল খেল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না স্ট্রাইকার...। এমনটা হতেই পারে। কিন্তু যদি মনে হয়, গোলে শট না নিয়ে স্ট্রাইকার বাইরে মেরে দিলেন...অন্য কিছুর গন্ধ নাকে লাগবেই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিনির ফুটবলার রাফায়েল সাগনুর সৌজন্যে ঠিক সেটাই পাওয়া গেল।রাফায়েলের দল মুক্তিযোদ্ধা ৫-১ গোলে হেরেছে ফরাশগঞ্জের কাছে। পেশাদার ফুটবল লিগ থেকে অবনমন ঠেকানো আগের ম্যাচেই নিশ্চিত করে ফেলেছিল মুক্তিযোদ্ধা, তাই এই ম্যাচের ফল তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তবে ফরাশগঞ্জের কাছে এই জয় ছিল পেশাদার লিগে টিকে থাকার অক্সিজেন। মুক্তিযোদ্ধা তা কেড়ে নিতে চায়নি বলেই তাদের খেলায় মনে হয়েছে। উদার হয়ে তারা গোল খেয়েছে।মুক্তিযোদ্ধার কোচ অতিকুর রহমান অসুস্থ থাকায় মাঠে আসেননি। কর্তারা চালিয়ে নিয়েছেন। পরাজয়ের পর কর্তারা, ‘ম্যাচ ছাড়িনি’ বলেছেন বটে, কিন্তু পরাজয়ের জন্য এ-ওর দিকে আঙুল তুলেছেন। রাফায়েল ইচ্ছা করে বাইরে মেরেছেন, এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে গেলেন কেউ কেউ। ফরাশগঞ্জ শিবির অবশ্য দাবি করল, ‘খেলেই জিতেছি।’ ফরাশগঞ্জের তৌহিদুল ২টি, জিতু ২টি ও ইসমাইল ১টি গোল করেন। ২-১ করেছিলেন মুক্তিযোদ্ধার শাহাজউদ্দিন (টিপু)। ২৩ ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট ২২, মুক্তিযোদ্ধার ২৪।