উদীয়মান শাটলারের এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু দেশসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্নটা বুকে নিয়েই পরপারে পাড়ি জমালেন জাতীয় দলের খেলোয়াড় আবদুল মোমেন (তুরাগ)। মাত্র ১৭ বছর বয়সে অকালে ঝরে গেলেন প্রতিভাবান এক ব্যাডমিন্টন খেলোয়াড়। মস্তিষ্কে রক্তক্ষরণে কাল মারা গেছেন দিনাজপুরের কিশোর।১৬ মার্চ দিনাজপুর স্টেডিয়ামে অনুশীলন করছিলেন নিট কনসার্নের শাটলার মোমেন। অনুশীলনের সময়ই অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। এরপর ঢাকায় স্থানান্তর। রাজধানীর এক হাসপাতালে দুই দিন কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। গতকাল সব শেষ। উদীয়মান এই খেলোয়াড় ২০১১ সালে ঢাকায় এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের ক্যাম্পে ছিলেন। অনূর্ধ্ব-১৯ দল পেরিয়ে সুযোগ পান জাতীয় দলে। সর্বশেষ জাতীয় দলের হয়ে গত সেপ্টেম্বরে ভারতের পুনেতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলেছেন। দিনাজপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের এই ছাত্রের মৃত্যুতে ব্যাডমিন্টন অঙ্গনে নেমেছে শোকের ছায়া।