উদ্ধত নন কাবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ নাইজেরিয়া। করিম বেনজেমা আর রাফায়েল ভারানেরা কিন্তু তাই বলে মোটেও নির্ভার নন, অনুশীলনে থাকলেন পুরো মনোযোগী l এএফপি
প্রতিপক্ষ নাইজেরিয়া। করিম বেনজেমা আর রাফায়েল ভারানেরা কিন্তু তাই বলে মোটেও নির্ভার নন, অনুশীলনে থাকলেন পুরো মনোযোগী l এএফপি

একটা ম্যাচে তিনি খেলতে পারেননি। সেটাই ড্র করেছে ফ্রান্স। দলে ইয়োহান কাবাইয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য এই একটা তথ্যই যথেষ্ট নয় কি?
বেনজেমা-জিরু-ভালবুয়েনাদের আক্রমণে অস্থির প্রতিপক্ষ রক্ষণভাগ। কিন্তু সেই আক্রমণের রসদ জোগানোর কাজটা যে কাবাইয়ের। দিদিয়ের দেশমের মাঝমাঠের প্রাণ তিনি। হন্ডুরাস আর সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে হলুদকার্ড দেখায় খেলতে পারেননি ইকুয়েডরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে। আর সেটাতেই কোনো গোল পেলেন না বেনজেমা-ভালবুয়েনারা। তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি ফ্রান্সের। ওই ম্যাচটা গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে ফ্রান্স। তবে তাঁর অভাবটা টের পাওয়া গেছে ভালোভাবেই।

.
.

আজ সেই কাবাইকে ফিরে পাচ্ছেন বলে তাই স্বস্তিতে দেশম। চাঙা হয়ে উঠেছেন কাবাইয়ের সতীর্থরাও।
এমনিতে বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সকে শিরোপার সম্ভাব্য দাবিবার হিসেবে দেখেননি খুব বেশি ফুটবলবোদ্ধা। তবে গ্রুপপর্বের পারফরম্যান্স দিয়ে হিসাবটা পাল্টে দিয়েছে ফ্রান্স। অবশ্য সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলের জয়ের পরও কোচ দিদিয়ের দেশম রাজি হননি তাঁর দলকে শিরোপার দাবিদার বলতে। একই কথা বলছেন কাবাইও। এখনই শিরোপাতে চোখ না রেখে বরং একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চান ফরাসি মিডফিল্ডার, ‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভালো। উচ্চাকাঙ্ক্ষা আছে বলেই আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু আমরা বিশ্বকাপ জিতব, এই কথাটা বলা বাড়াবাড়ি। আত্মবিশ্বাস যখন ঔদ্ধত্য হয়ে যায় তখনই সমস্যা তৈরি হয়।’
সেই ঔদ্ধত্য দেখাতে চান না বলেই আজ নাইজেরিয়াকেও যথেষ্ট সমীহ করছেন কাবাই, ‘একটা ভুল আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারে। আমরা তাই নাইজেরিয়াকে শ্রদ্ধা করছি। এই ম্যাচটা জেতার আশা রাখি কিন্তু বিশ্বকাপ জিতব এমন কথা বলার আগে আমাদের সতর্ক থাকতে হবে।’
অতিরিক্ত আত্মবিশ্বাস একটা গাছাড়া ভাব নিয়ে আসতে পারে। সেটা যে কতটা ক্ষতিকর তা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের উদাহরণ দিয়েই বুঝিয়েছেন কাবাই, ‘আমরা গাছাড়া হয়ে গিয়েছিলাম বলেই ওদের বিপক্ষে দুটি গোল খেতে হয়েছে। ওই ম্যাচটাই আমাদের শিক্ষা দিয়েছে, একটুর জন্যও গাছাড়া হওয়া যাবে না।’
গ্রুপের তিনটি ম্যাচই ফ্রান্স খেলেছে বিকেলে। কিন্তু আজ নাইজেরিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ায় তাদের ম্যাচটা শুরু হবে দুপুর একটায়। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে দুপুরে একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নাইজেরিয়ার। এটাও আজ আফ্রিকার দেশটিকে বাড়তি একটা সুবিধা দেবে বলে মনে করেন কাবাই, ‘ওরা তো এই সময়ে খেলে অভ্যস্ত হয়ে গেছে। আমাদেরও চেষ্টা করতে হবে মাঠে নেমে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে।’ গার্ডিয়ান, গোলডটকম।