উদ্বেলিত ওচোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কী! পায়ে কারিকুরি দেখাচ্ছেন কেন, তাঁর অস্ত্র তো দুটি হাত! ব্রাজিল ম্যাচে নায়ক বনে যাওয়া মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়ার পরের ম্যাচের প্রস্তুতি। গতকাল সাও পাওলোতে l এএফপি
এ কী! পায়ে কারিকুরি দেখাচ্ছেন কেন, তাঁর অস্ত্র তো দুটি হাত! ব্রাজিল ম্যাচে নায়ক বনে যাওয়া মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়ার পরের ম্যাচের প্রস্তুতি। গতকাল সাও পাওলোতে l এএফপি

ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে গোল দিতে না দেওয়া? এই অসম্ভবকে সম্ভব করেছেন মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। একের পর এক দুর্দান্ত সেভ করে শুধু যে সেলেসাওদের সেদিন রুখে দিয়েছেন তা-ই নয়, দলকে এনে দিয়েছেন মহামূল্যবান একটি পয়েন্ট। ব্রাজিলের কাছে হেরে যাওয়া ক্রোয়েশিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে দ্বিতীয় পর্বের টিকিট।
এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভেসে যাবেন ওচোয়া, সেটাই স্বাভাবিক। বিশেষ করে যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নেইমারের হেড থেকে গোল বাঁচান, ফুটবল-বিশ্ব অনেক দিন মনে রাখবে। কিন্তু তাই বলে গর্ডন ব্যাঙ্কসের সঙ্গে তুলনা? ১৯৭০ বিশ্বকাপে ইংল্যান্ড গোলরক্ষক ব্যাঙ্কস অনন্য দক্ষতায় রুখে দিয়েছিলেন পেলের দুর্দান্ত এক হেড। ওচোয়ার সেভকেও অনেকে তুলনা করছেন ব্যাঙ্কসের সেই সেভের সঙ্গে। ওচোয়ার প্রতিক্রিয়াটাও স্বাভাবিক, ব্যাঙ্কসের সঙ্গে তুলনায় উদ্বেলিত মেক্সিকো গোলরক্ষক। ‘ওই সেভটা আমি অনেক অনেকবার দেখেছি। সবাই বলে সেটা শতাব্দীর সেরা সেভ। ব্যাঙ্কসের সেভের সঙ্গে আমার সেভের তুলনায় আমি ভীষণ আপ্লুত।’
ব্রাজিলের সঙ্গে খেলার আগে খুব বেশি মানুষ চিনত না ওচোয়াকে। কিন্তু তাঁর সতীর্থরা জানতেন ওচোয়ার ক্ষমতা সম্পর্কে। ‘ওকে যারা প্রতিদিন দেখে তাদের জন্য এটা অবাক করার মতো কিছু ছিল না। মাঝেমধ্যে আমাদের এমন মনে হয় যতবারই ওরা গোলে শট নিক না কেন, ওকে পরাস্ত করতে পারবে না’—ওচোয়াকে আরও প্রশংসায় ভাসিয়ে দিলেন সতীর্থ মিডফিল্ডার আন্দ্রেস গুয়ারদাদো। এএফপি।