‘আপন শক্তিতে জ্বলে উঠুন’—একটেলের বদলে যাওয়া স্লোগান। নতুন নাম রবি, এই স্লোগান নিয়েই মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি এই লক্ষ্যেই গাঁটছড়া বাঁধল হকির সঙ্গে।ঘরোয়া হকিতে দর্শক-খরা। আগামীকাল থেকে শুরু এশিয়ান গেমস বাছাই হকিতে দর্শক-খরা ঘোচাতে চায় হকি ফেডারেশন। এই মিশনে ফেডারেশনের সঙ্গী রবি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রবি ফেডারেশনকে সেই আশ্বাসই দিল।কাল এক সংবাদ সম্মেলনে রবির প্রধান যোগাযোগ কর্মকর্তা মহিউদ্দিন বাবর জানালেন, ‘আমরা চাই, এই আয়োজন দিয়ে হকি প্রথম সারিতে উঠে আসুক। আশা করি, আমাদের ইচ্ছা পূরণ হবে।’ দর্শক টানতে চেষ্টার কমতি থাকবে না বলে জানালেন সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিনের ‘গ্যালারি উন্মুক্ত থাকবে। ছাত্রছাত্রীদের খেলা দেখার জন্য স্কুল হকিতে অংশ নেওয়া প্রতিটি স্কুলকে চিঠি দিয়েছি। এ ছাড়া মোহামেডান, আবাহনী, ঊষার মতো ক্লাবকেও জানানো হয়েছে, তাদের সমর্থকেরা এলেই মাঠ অনেকখানি ভরে যাবে।’ দর্শক টানতে কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তবে সেটা হতে পারে সমাপনী অনুষ্ঠানে। খেলা শুরু হবে আগামীকাল, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল চারটায়।এই প্রথম খেলোয়াড়দের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। প্রত্যেক খেলোয়াড় পাবেন এক হাজার করে টাকা। সময়মতো খেলা শুরুর জন্য বিদ্যুত্ উন্নয়ন বোর্ড থেকে অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।৭০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক রবি দিচ্ছে ৩০ লাখ টাকা। সহযোগী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, ডেসটিনি গ্রুপ, সানলাইফ ইন্স্যুরেন্স, বাংলা লায়ন। মিডিয়া পার্টনার বাংলাদেশ টেলিভিশন। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন।