উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যাখ্যা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কালও সমালোচনামুখর ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। কোটি কোটি টাকার টুর্নামেন্টের এ রকম বাজে একটা উদ্বোধনী অনুষ্ঠান মেনে নিতে পারছে না বিপিএল গভর্নিং কাউন্সিলও। বিশেষ করে অনুষ্ঠানের মাঝে এক ঘণ্টার অঘোষিত বিরতি নিয়ে বিরক্তিটা বেশি। এ ব্যাপারে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের ব্যাখ্যাও চেয়েছে কাউন্সিল।বিপিএল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক কাল বলেছেন, ‘গেম অনের কাছ থেকে এর মধ্যেই মৌখিকভাবে এর ব্যাখ্যা চেয়েছি আমরা। কাল (আজ) চিঠি দেব। এক ঘণ্টা অনুষ্ঠান বন্ধ থাকা খুবই অনাকাঙ্ক্ষিত।’ গেম অন থেকে নাকি মৌখিকভাবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটিও জানালেন মল্লিক, ‘তারা বলেছে, কুয়াশার কারণে শিল্পীদের নিয়ে আসা বিমান অবতরণে দেরি হয়েছে। এ ছাড়া ট্র্যাফিক জ্যামের কারণেও রাস্তায় আটকে ছিলেন শিল্পীরা। তবে এসব উত্তর সন্তোষজনক নয়। এ রকম যে হতে পারে সেটা তাদের বোঝা উচিত ছিল।’ লিখিতভাবে ব্যাখ্যা জানতে চাওয়ার পর গেম অন সন্তোষজনক উত্তর না দিতে পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।ওদিকে উদ্বোধনী অনুষ্ঠানের মতো কাল প্রথম দিনের দুই ম্যাচেও গ্যালারির বেশির ভাগটাই ছিল ফাঁকা। ২৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে কাল দর্শক ছিল হাজার চারেক। টিকিটের উচ্চমূল্যকেই এর কারণ মনে করেন বিপিএল সদস্যসচিব, ‘আমাদেরও মনে হয়, টিকিটের দামটা বেশি হয়ে গেছে। সেজন্য আমরা শুরু থেকেই বলে আসছি টিকিটের দাম কমাতে। তবে ব্যাপারটা পুরোপুরি আমাদের হাতে নেই।’