উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট এক ব্যাংকে
প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শেষ আরও আগেই। বাকি আছে কেবল ১৭ ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) সূত্রে জানা গেছে, আগামী ৯ বা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি। এর আগে সিটি ও অগ্রণী ব্যাংক টিকিট বিক্রি করলেও এবার দায়িত্বটি পেতে যাচ্ছে সম্ভবত ঢাকা ব্যাংক।উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কাউন্টার থেকে সরাসরি হাতে পাবেন ক্রেতারা, এলওসির এক কর্মকর্তা জানিয়েছেন এমনটাই। টিকিট বিক্রি হবে কেবল ঢাকায়। বিশ্বকাপের সব টিকিট চলে আসার কথা আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে।সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বাড়ানোর চিন্তাভাবনা করছে বিসিবি। কাউন্টার থেকে বিক্রিতব্য টিকিটের পরিমাণ সাড়ে সাত হাজার থেকে বেড়ে ১০ হাজারে গিয়েও ঠেকতে পারে। টিকিট সংখ্যার মতো বিক্রির আগে বদলাচ্ছে টিকিটির দামও। সর্বশেষ খবর অনুযায়ী, সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি ১০ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ২০ হাজার টাকা এবং হসপিটালিটি বক্সের চেয়ারপ্রতি ৩৫ হাজার টাকা।