উদ্বোধনী জুটির রানে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক এক করে সবই পাওয়া হলো। বিসিবি কাপের পর চার দিনের প্রস্তুতি ম্যাচেও রান পাওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্যাটসম্যানরা। সাফল্য পেয়েছেন বোলাররাও। বাকি ছিল শুধু উদ্বোধনী জুটির আলোয় ফেরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কাল সেই প্রাপ্তিযোগও ঘটল তামিম ইকবাল-ইমরুল কায়েসের সৌজন্যে। সবুজ দলের বিপক্ষে লাল দলের ৭ উইকেটের জয়ে দুজনের ১৪৫ রানের উদ্বোধনী জুটিরই সবচেয়ে বড় অবদান।আগের দিনের ৬ উইকেটে ১৭৪ রানের সঙ্গে কাল এক ঘণ্টা সাত মিনিটের ব্যাটিংয়ে ৬৩ রান যোগ করতে পেরেছেন সবুজ দলের ব্যাটসম্যানরা। দিনের পঞ্চম ওভারে ইলিয়াস সানিকে হারিয়ে শুরু। ৪৮ রান নিয়ে ব্যাট করতে নামা রকিবুলও দলকে ২০৯ রানে রেখে ফিরে গেলে বেশি দূর এগোয়নি সবুজ দলের দ্বিতীয় ইনিংস। শফিউলকে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হওয়ার আগে রকিবুল করেছেন ৭২। ১৪৭ বলের জবুথবু ইনিংসে চার মেরেছেন মাত্র ৪টি।লাল দলের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৩৪ রান, শেষ দিনে ব্যাটিংয়ের সুযোগ ছিল কমপক্ষে ৭১ ওভার। তামিম-ইমরুলের ব্যাটে শুরুটা এমনই দাপুটে হলো যে লাঞ্চের আগে মাত্র ৯ ওভারেই ৬৩! ইমরুল লাঞ্চ করতে গেছেন ৩১ রান নিয়ে, তামিম তখন ২৭। এর মধ্যেই শাহাদাতকে মিড উইকেট ও রবিউলকে তাঁর মাথার ওপর দিয়ে দুটি ছক্কা মেরেছেন ইমরুল। সোহাগ গাজীকে তামিম মেরেছেন লং অফ দিয়ে। তামিম অবশ্য ৮ রানে রুবেলের বলে ইলিয়াস সানিকে ক্যাচ দিয়েছিলেন, বেঁচে যান সেটি নো বল ছিল বলে।ব্যাটিংটা তামিমের বেশি খুলেছে লাঞ্চের পরই। নাঈমকে মিড উইকেট দিয়ে আরও একটি ছক্কা হাঁকিয়েছেন এই সময়ে। ইনিংসের ১৭তম ওই ওভারটিতেই আরও দুটি বাউন্ডারিসহ মোট ১৫ রান নিয়েছেন। স্ট্রেট ড্রাইভে প্রথম চারে পৌঁছেছেন হাফ সেঞ্চুরিতে, ঠিক ৫০ বলে। ছয় বাউন্ডারি আর এক ছক্কায় ইমরুলের ফিফটি ৫৫ বলে। পরে অলককে মাথার ওপর দিয়ে ছক্কা মেরেছেন আরও একটি।আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ওপেনিং জুটি ইমরুল-তামিম। সাম্প্রতিক সময়ে বড় জুটি গড়তে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই জুটিটাই দেখা যেত বলে কাল খেলা দেখতে দেখতে জানালেন প্রধান নির্বাচক আকরাম খান। এর মধ্যেই কবে নাকি ইমরুলকে ডেকে আশ্বস্ত করেছেন, রান না পেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর ওপর আস্থা রাখা হবে। ইমরুল হয়তো নির্ভার হয়ে গেছেন প্রধান নির্বাচকের এই আশ্বাসবাণীতেই। দুই ইনিংসেই বড় ইনিংস খেলে বাঁহাতি ওপেনার প্রতিদানও দিলেন সেটার। প্রথম ইনিংসে ৮৫ রান, কাল শাহাদাতের বলে ডিপ স্কয়ার লেগে নাঈমের ক্যাচ হওয়ার আগে ৮২ বলে ৭৫। ইলিয়াস সানিকে কাভার ড্রাইভে চার মারার পরের বলে মিড অফে একই ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়া তামিম করেছেন ৮৭ বলে ৭৭। ২৬তম ওভারে দুজনের ১৪৫ রানের জুটিটা ভেঙেছে তামিমের আউট দিয়েই।শুভাগত হোম চৌধুরীর অপরাজিত ৪৫ রানও শেষ দিনের একটা প্রাপ্তি। দলীয় ১৭৪ রানের সময় আশরাফুল কোনো রান না করেই এলবিডব্লু হয়ে যান শাহাদাতের বলে। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৬০ রানে অবিচ্ছিন্ন থেকে জয়ের আনুষ্ঠানিকতা সেরে আসেন শুভাগত-মুশফিক। ২৬ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের নতুন অধিনায়ক।আজ-কাল দুই দিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির দল ঘোষণা হওয়ার কথা আজই। ১৪ সদস্যের দলের সঙ্গে থাকবেন চার স্ট্যান্ডবাই খেলোয়াড়। ওয়ানডে সিরিজের দল হবে এই ১৮ জন থেকেই।চার দিনের ম্যাচ শেষে আরও দুটি এক দিনের এবং একটি টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও খেলোয়াড়দের বিশ্রামও প্রয়োজন বলে সে ভাবনা থেকে সরে এসেছেন কোচ স্টুয়ার্ট ল। সিরিজ শুরুর আগে আর কেবল দুটি অনুশীলন ম্যাচ হবে এবং দুটিই টি-টোয়েন্টি। ৩ অক্টোবর সন্ধ্যায় প্রথম ম্যাচটি শেরেবাংলা স্টেডিয়ামে। অন্যটির ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম, ৬ অক্টোবর এই ম্যাচটি শুরু হবে বেলা একটায়।