উদ্বোধনী-সমাপনীতেই ৮ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নেই। কিন্তু শখ আছে। ক্রীড়ানুষ্ঠান বলে কথা!‘জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করো। টাকা জোগাড় হয়ে যাবে।’ এটা হলো বাংলাদেশের যেকোনো ক্রীড়ানুষ্ঠানের থিম সং! অষ্টম বাংলাদেশ গেমসের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও আগামী ২০ এপ্রিল নয় দিনের বাংলাদেশ গেমস শুরু করতে বদ্ধপরিকর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ১০ বছর ধরে গেমসটা হয় না বলে এবার এটি করার ব্যাপারে আর পিছপা হতে চান না কর্মকর্তারা। এটি প্রশংসনীয়। তবে গেমসের প্রস্তাবিত বাজেট নিয়ে কিছু প্রশ্ন উঠছেই। প্রথমত, টাকার সংস্থান পুরোপুরি না হলেও গেমসের বাজেট বাড়ছেই। বিওএর গত কমিটি বাংলাদেশ গেমস আয়োজনের জন্য ১০-১২ কোটি টাকার বাজেট সরকারের দরবারে পেশ করেও সাড়া পায়নি। নতুন কমিটি বাজেট নিয়ে গেছে ২০ কোটি টাকায়। যেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এরই মধ্যে।অর্থ মন্ত্রণালয় দিচ্ছে পাঁচ কোটি টাকা। এই পাঁচ কোটি টাকা ছাড় করা-সংক্রান্ত চিঠি জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ওই চিঠিতে এও বলে দিয়েছে, বাংলাদেশ গেমস আয়োজনে সরকার আর টাকা দিতে পারবে না। বাকি ১৫ কোটি টাকা বিওএ যেন নিজস্ব উদ্যোগে তুলে গেমস আয়োজন করে।সেই অনুযায়ী এখন চলছে অর্থসংগ্রহ অভিযান। ২৫ এপ্রিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ২০০ স্পনসরকে দাওয়াত করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে টাকা জোগাড় হয়ে যাবে—এমনটাই আশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আর যদি না হয়? কর্তারা নেতিবাচক ভাবতে চান না।শেষ পর্যন্ত তালগোলে একটা ব্যবস্থা হয়েই যায়। গত এসএ গেমস আয়োজনেও তা দেখা গেছে। কিন্তু এই বাংলাদেশ গেমসের উদ্বোধনী ও সমাপনীর বাজেটটা আলাদা করে দৃষ্টি কাড়ছে। মোট বাজেটের প্রায় অর্ধেক টাকা চলে যাচ্ছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে! উদ্বোধনী-সমাপনীর জন্য নাকি প্রাথমিকভাবে ১২ কোটি টাকা বাজেট ধরা হয়েছিল। এ নিয়ে সমালোচনা হতে পারে, এমন কথা উঠলে বাজেট নেমে আসে আট কোটিতে। এটিও অনেক বড় অঙ্ক। বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেখানে সারা বছরই ‘অর্থের অভাবে’ মুখ থুবড়ে থাকে, সেখানে একটা ঘরোয়া ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের জন্য এই বিপুল অর্থ খরচের কারণ কী? এটি তো আন্তর্জাতিক কোনো আয়োজন নয় যে বিদেশিরা দেখবে।বিওএর ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমানের যুক্তি, ‘এসএ গেমসে মফস্বলের সংগঠকদের সম্পৃক্ত করা যায় না। এখন বাংলাদেশ গেমস উপলক্ষে একটা মিলনমেলা হবে ক্রীড়াঙ্গনে। তাই অনুষ্ঠান তো করতেই হয়। সে জন্যই আট কোটি টাকার উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে।’তাঁর দেওয়া তথ্য, ‘অনুষ্ঠান কমিটির প্রধান সাংসদ আসাদুজ্জামান নূর ও কো-চেয়ারম্যান সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি। এই কমিটি পুরো পরিকল্পনাটা দিলে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান নিয়ে আরও বিস্তারিত বলা যাবে।’প্রাথমিক ধারণা হচ্ছে, আট কোটি টাকার মূল খরচটাই হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এখানে আতশবাজি, কয়েক হাজার পারফরমারের ডিসপ্লে, উপজাতি নৃত্য, উদ্বোধনী থিম সং, প্যারাস্যুট থেকে নামা—এসব থাকবে। সমাপনী অনুষ্ঠানে থাকবে সামান্য আতশবাজির প্রদর্শনী আর কিছু আনুষ্ঠানিকতা। এ জন্য বাজেটও উদ্বোধনীর চেয়ে অনেক কম। সমাপনীর বাজেট শুরুতে নাকি অনেক বেশি ছিল। সে যা-ই হোক, ৩১টি খেলার এই গেমসে আয়োজকেরা আনুষ্ঠানিকতার ওপরই জোর দিচ্ছেন বেশি। ক্রীড়া-সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিকতার চেয়ে খেলোয়াড়দের মনোন্নয়নই সবচেয়ে বেশি প্রয়োজন।