স্বাগতিক হিসেবে একটা বাড়তি চাপ তো আছেই, তার ওপর প্রস্তুতিপর্বে অস্ট্রিয়া আর তুরস্কের কাছে হেরে যাওয়ায় ইউক্রেনের আত্মবিশ্বাসও চোটগ্রস্ত। আর কদিন আগেই তাদের ১০ জন খেলোয়াড় কিনা রহস্যজনকভাবে পেটের পীড়ায় আক্রান্ত হলেন। তবে ওলেগ ব্লখিনের সবচেয়ে বড় শঙ্কার কারণ প্রথম তিনজন গোলরক্ষকেরই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। ইউক্রেন কিছুটা কোণঠাসা অবস্থায় তো বটেই। তবে ইউরোতে এবারই অভিষেক বলে ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কো এটিকে মনে করছেন দলের হতশ্রী দশা কাটিয়ে ওঠার বড় অনুপ্রেরণা, ‘অস্ট্রিয়া-তুরস্কের সঙ্গে যা হয়েছিল সেটা আমরা কখনোই চাইনি। এ নিয়ে কোনো তর্কও করতে চাই না। সেসবের পেছনে কারণও ছিল। তবে সুইডেনের বিপক্ষে ম্যাচে আপনারা একদমই ভিন্ন এক ইউক্রেনকে দেখতে পাবেন, এই আশ্বাসটা আমি দিতে পারি।’ নিজের সেরা সময়কে পেছনে ফেলে আসা শেভচেঙ্কোর স্বরূপে ফেরাটা এখন ইউক্রেনের কাছে খুব প্রার্থিত। এদিকে সুইডেন সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের রসদ ভরে নিয়েছে দারুণভাবেই। স্বাগতিকদের চেয়ে সুইডিশরা এ মুহূর্তে এগিয়ে আছে বলাই যায়। এরিক হামরেনের দলে এ মুহূর্তে কোনো চোট-সমস্যাও নেই। যাঁকে নিয়ে একটু দুশ্চিন্তা ছিল সেই স্ট্রাইকার ইয়োহান এলমান্ডারও মাত্রই চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত। তবে দলে জায়গা করে নিতে ওলা তয়ফোনেনের সঙ্গে তাঁর একটা লড়াই চলবে। সর্বশেষ প্রীতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোল করে তয়ফোনেন দাবিটা জানিয়ে রেখেছেন একটু জোরেশোরেই। আলোটা অবশ্য বেশির ভাগই থাকবে মিলান স্ট্রাইকার ইব্রাহিমোভিচের ওপর। হাতে অধিনায়কের বাহুবন্ধনী, ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্ম ইব্রা জাতীয় দলে টেনে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার। ওয়েবসাইট, রয়টার্স।