উদ্যাপনের মাশুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দৌড়াচ্ছিলেন স্টিপলচেজে। হঠাৎই তাঁর মাথায় চেপে বসল ফুটবলারের ভূত। ফিনিশিং লাইন ছোঁয়ার আগেই ফ্রান্সের স্টিপলচেজার মাহিদিন মেখিসি-বেনাব্বাদ শুরু করে দিলেন জার্সি খুলে উদ্যাপন! যার মাশুল তাঁকে দিতে হয়েছে হলুদ কার্ড আর পদক হারিয়ে।
পরশু জুরিখে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন মেখিসি-বেনাব্বাদ। এটা ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর টানা তৃতীয় সোনা। ২০১০ ও ২০১২ সালেও এই ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
প্রতিদ্বন্দ্বীরা অনেক পেছনে বলেই কিনা, মেখিসি-বেনাব্বাদ ফিনিশিং লাইন ছোঁয়ার আগেই হ্যাটট্রিক শিরোপার আনন্দে শুরু করে দেন জার্সি খুলে উদ্যাপন। প্রথমে অবশ্য হলুদ কার্ড দেখিয়েই সতর্ক করা হয়েছিল। পরে স্পেনের প্রতিবাদে, যাদের দুই অ্যাথলেট দৌড় শেষ করে চতুর্থ ও পঞ্চম হয়েছিল, কেড়ে নেওয়া হয় মেখিসি-বেনাব্বাদের সোনার পদক। তার পরও সোনা গেছে ফ্রান্সে। দ্বিতীয় হওয়া মেখিসি-বেনাব্বাদের সতীর্থ ইউয়ান কোয়াল পেয়েছেন সোনা। প্রতিবাদের ফলে চারে থেকে দৌড় শেষ করা স্পেনের অ্যাঞ্জেল মুয়েরা পেয়েছেন ব্রোঞ্জ। এএফপি।