উদয়ের দিনে মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের দুটিরই প্রায় অর্ধেক খেয়ে নিয়েছে বৃষ্টি। ক্ষতিপূরণ হিসেবেই কিনা, এই দুই ম্যাচের দর্শকই পেল বাড়তি কিছু। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের দর্শকেরা দেখল মাঠের মধ্যে প্রজাপতির মতো নেমে বসল সাকিব-তামিমকে উড়িয়ে আনা হেলিকপ্টার। আর ফতুল্লা স্টেডিয়ামের দর্শক বিনোদিত হলো মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে।ভিক্টোরিয়ার জন্য বগুড়ার ম্যাচ ছিল এক ধাপ এগোনোর লড়াই। ১৮ পয়েন্ট নিয়ে গাজী ট্যাংকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া কাল গাজীকেই ৬ উইকেটে হারিয়ে এখন এককভাবে দুই নম্বরে। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওল্ড ডিওএইচএস। ভারতীয় ব্যাটসম্যান উদয় কৌলের সেঞ্চুরির সৌজন্যে বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে তাদের জয়টা ৭৪ রানের। ফতুল্লায় মুশফিকুর সেঞ্চুরি না পেলেও তাঁর অপরাজিত ৯২ রানের ‘ক্যাপ্টেনস নক’ মোহামেডানের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জিতিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বৃষ্টির কারণে বগুড়া-ফতুল্লা দুই ভেন্যুতেই হয়েছে কর্তিত ওভারের ম্যাচ। পুরো ম্যাচ হয়েছে শুধু বিকেএসপিতে।হেলিকপ্টার-চমকে ভিক্টোরিয়া সকাল সকালই বড় একটা হাততালি পেল গ্যালারিতে উপস্থিত ৫-৬ হাজার দর্শকের। ম্যাচ শেষেও থাকল অভিনন্দন। তবে বৃষ্টির কারণে দুপুর সোয়া একটায় শুরু ম্যাচটা হয়েছে ২৪ ওভারের। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা আর ৫ বাউন্ডারিতে মাত্র ৪৯ বলে ৭১ রান করেছেন মমিনুল। ৩৮ রানে ৪ উইকেট পড়ার পর আসিফের সঙ্গে তাঁর ৬২ রানের জুটিই গাজীকে ম্যাচে রাখে। তার পরও গাজীর ৭ উইকেটে ১৫১ রান ভিক্টোরিয়া টপকে গেছে ৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই। ওপেনার তামিম ইকবালের ৪০ বলে ৪২-এর পর সাকিবের চার বাউন্ডারিতে ২৩ বলে ৩০ রান সহজেই জেতায় দলকে। এর আগে বল হাতে ২৭ রানে ২ উইকেট পেয়েছেন সাকিব। ২ উইকেট করে পেয়েছেন আল আমিন আর ইকবাল আবদুল্লাহও।মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র বিতর্কে দুই মাসের মতো বন্ধ ছিল লিগ। বন্ধ ছিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলতে অস্বীকৃতি জানানোতেই। কিন্তু মাঠে ফিরে সেই আবাহনী কাল টানা দ্বিতীয় ম্যাচ হারল শিরোপাপ্রত্যাশী ওল্ড ডিওএইচএসের কাছে। ডিওএইচএসের শুরুটা হয়েছিল বাজে, মাত্র ৮ রানে ২ ওপেনারকেই হারিয়ে বসে তারা। উদয় কৌলের সঙ্গে শুভাগতর (৬৩) ১১০ রানের তৃতীয় উইকেট জুটিতে কাটে সেই বিপর্যয়। এরপর কৌল-আদনান রাজার (৫৭) চতুর্থ উইকেট জুটিতে আসা আরও ১১৮ রান ডিওএইচএসকে নিয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। ১১২ বলে ১১৫ রানের ইনিংসে কৌলের বাউন্ডারি এক ডজন।রানের চাপে শুরু থেকেই দিশেহারা আবাহনী ৫৫ রানে ৫ উইকেট হারানোর পর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। ৫৬ রানের ষষ্ঠ উইকেট জুটিতে ফরহাদ হোসেন (৫২) আর ইলিয়াস সানির (৪২) চেষ্টা হারের ব্যবধানই শুধু কমিয়েছে।ফতুল্লায় বৃষ্টি নামে খেলা শুরুর ৪ ওভার পর। ৩৫ রান তুলতে এর মধ্যেই ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারায় মোহামেডান। দুই ঘণ্টা ছয় মিনিট পর খেলা আবার শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৩৮ ওভারের। পরিস্থিতি বুঝে ওপেনার ইমরুল কায়েস (৫২) আর শ্রীলঙ্কান দানুস্কা গুনাতিলেকে (৫১) ১২ ওভার ৫ বলের জুটিতে তোলেন ৯৩ রান। মাঝে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটিং (৫৪ বলে ২২) রানের গতি কমিয়ে দিলে শেষ দিকে রাজিন সালেহ (৪৩ বলে ৪১) কিছুটা বাড়ান।৩৮ ওভারে ২২৫ রানের লক্ষ্য খুব ছোট নয়। তার ওপর ২১ রানে ড্রেসিংরুমে ফিরে গেছে দুই ওপেনারই। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন। তৃতীয় উইকেটে মেহরাব জুনিয়রের (৪৭) সঙ্গে ৮০ রানের জুটি, দুই ছক্কা আর আট বাউন্ডারিতে নিজে খেলেছেন ৮৪ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩ রান। নূর হোসেনের প্রথম বলে আরিফুল (২৬) আউট হয়ে গেলেও পরের বলেই চার মেরে জয়োৎসব করেন মুশফিক।৮ রানের জন্য নিজের পঞ্চম সেঞ্চুরিটা না হলেও প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করা মুশফিকুর নিজেকে নিয়ে গেছেন আরও ওপরে। ১৪ ম্যাচে তাঁর রান ৭৬৮। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫০ রান মাহমুদউল্লাহর। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে কাল আবাহনীর হয়ে খেলেননি তিনি।সং ক্ষি প্ত স্কো রগাজী ট্যাংক : ২৪ ওভারে ১৫১/৭ (মমিনুল ৭১*, আসিফ ৩৫, মিঠুন ১৬, ইয়াসির ১৬। ইকবাল ২/২৫, সাকিব ২/২৭, আলআমিন ২/৪৩, মুক্তার ১/৬)। ভিক্টোরিয়া: ২৩.১ ওভারে ১৫৫/৪ (তামিম ৪২, সাকিব ৩০, সৌম্য ২৩*, জহুরুল ২০, সাব্বির ১৫*, সৈকত ১৪। আলাউদ্দিন ২/২৩, কানেরিয়া ১/২০, সানজামুল ১/২৬)। ফল: ভিক্টোরিয়া ৬ উইকেটে জয়ী।ডিওএইচএস: ৫০ ওভারে ২৯৪/৫ (উদয় ১০৫, শুভাগত ৬৩, আদনান ৫৭, মারউই ৩১*, ফয়সাল ১৮*। সাকলাইন ৩/৫৪, ফরহাদ রেজা ১/৫৭, আবুল হাসান ১/৬২)। আবাহনী: ৪৯.৫ ওভারে ২২০ (ফরহাদ হোসেন ৫২, ইলিয়াস ৪২, সাকলাইন ২৭, আবুল হাসান ২৬, সুব্রত ২০, আনামুল ১৪, উদাওয়াত্তে ১৪। মারউই ২/৩০, শুভাগত ২/৪৩, ফয়সাল ১/১৪, তানভীর ১/২১, আদনান ১/২৩, এনামুল জুনিয়র ১/৪২)। ফল: ডিওএইচএস ৭৪ রানে জয়ী।মোহামেডান: ৩৮ ওভারে ২২৪/৭ (ইমরুল ৫২, গুনাতিলেকে ৫১, রাজিন ৪১, চতুরা ২৪, নাঈম ২২, নূর হোসেন ১৯। আরাফাত সানি ২/৩৬, তাপস ২/৪৮, আরিফুল ১/২৪, মাহমুদুল ১/৩৫)। শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩৭.২ ওভারে ২২৬/৬ (মুশফিকুর ৯২*, মেহরাব জুনিয়র ৪৭, মাহমুদুল ৩২, আরিফুল ২৬। রাসেল ২/৩৬, নূর হোসেন ২/৪৫, নাঈম ১/৫, অমিত ১/৪৭)। ফল: শেখ জামাল ৪ উইকেটে জয়ী।