উনিশ বছরের রেকর্ড ভাঙলেন মাহফিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে নামতে পারবেন কি না, তা নিয়ে শুরুর দিনেও সংশয়ে ছিলেন নাজমা খাতুন। আনসার ছেড়ে নৌবাহিনীতে যোগ দেওয়া সাঁতারুর জন্য বাংলাদেশ গেমসটা ছিল একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা ভালোভাবেই জিতেছেন কুষ্টিয়ার সাঁতারু। এবারের বাংলাদেশ গেমস সাঁতারে সবচেয়ে বেশি পদক জিতেছেন তিনি—৭টি সোনার সঙ্গে ৩টি রুপা। অথচ গত জাতীয় প্রতিযোগিতায় প্রথমবার সিনিয়রদের সঙ্গে পানিতে নেমে জিতেছিলেন মাত্র ২টি সোনা!ছেলেদের বিভাগে সবচেয়ে বেশি সোনা জিতেছেন নৌবাহিনীর মাহফিজুর রহমান (সাগর)। ৪টি রেকর্ডসহ ৭টি সোনা ও ১টি রুপা তাঁর। কাল দিনের শুরুতে ৪০০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর নতুন জাতীয় রেকর্ড গড়েন। ১৯৯৪ সালে নৌবাহিনীরই ইলিয়াস আলীর গড়া (৪: ২৮.৫৪ সেকেন্ড) রেকর্ডটি তিনি ভেঙেছেন ৪: ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে। এরপর ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ০০: ৫২.৮৮ সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। অল্পের জন্য এসএ গেমসের রেকর্ড ভাঙতে পারেননি।গত বাংলাদেশ গেমসের সেরা সাঁতারু রুবেল রানা (৯টি সোনাজয়ী) এবার জিতেছেন মাত্র ১টি সোনা, ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ। তবে রুবেল রানার মুখে হাসি না ফুটলেও সাঁতারপুলে নৌবাহিনীরই ছিল জয়জয়কার। ২২টি সোনা, ১৭টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন তারাই। আর গত জাতীয় সাঁতারের চ্যাম্পিয়ন সেনাবাহিনী ১০টি সোনা, ৯টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ। যদিও নৌবাহিনীকে হারিয়ে ওয়াটারপোলোর সোনা জিতেছে সেনাবাহিনী।শেষ দিনে ১০টি ইভেন্টের ৬টি সোনাই গেছে নৌবাহিনীতে। এদিন মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইলের সোনা জিতে আনসারের মান বাঁচিয়েছেন অবসর নেওয়া ডলি আক্তার।কোচ নিয়াজ আলী নৌবাহিনীর এই সাফল্যের জন্য ফেডারেশন সভাপতি ও নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবকেই কৃতিত্ব দিলেন, ‘স্যারের সাহায্য ছাড়া আমরা এমন ভালো দল গড়তে পারতাম না।’