উন্নতি হচ্ছে শুমাখারের?
প্রায় তিন বছর হতে চলল, জীবন্মৃত অবস্থায় আছেন মাইকেল শুমাখার। আল্পস পর্বতমালায় স্কিয়িং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। এরপর থেকেই কোমায় আছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি। এই তিন বছরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। কখনো ‘মৃত্যুর পথে শুমাখার’ কখনো বা ‘সেরে উঠছে মাইকেল’ সংবাদমাধ্যমে নানা খবরই এসেছে। এসব নিয়ে আদালতেও গেছেন তাঁর পরিবারের সদস্যরা।
তবে মার্সিডিজের সাবেক দলপ্রধান রস ব্রন আশার কথাই শুনিয়েছেন পরশু। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুমাখারের সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে থাকা ব্রন জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শুমাখার, ‘মাইকেলের অবস্থা নিয়ে অনেক অনুমানই চলছে। অধিকাংশই ভুল। তার পরিবার এ বিষয়ে গোপনীয়তা পছন্দ করে এবং আমি সেটিকে শ্রদ্ধা করি। তবে উৎসাহিত হওয়ার মতো কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা প্রার্থনা করছি, এমন ইঙ্গিত আরও পাব। কিন্তু তার পরিবারের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে কঠিন।’
ব্রন অবশ্য বড় এক আশাই শোনালেন শুমাখারের শুভাকাঙ্ক্ষীদের, ‘আশা করি আমরা ধীরে ধীরে তার অবস্থার উন্নতি দেখব এবং একদিন আমাদের মাঝে সে ফিরে আসবে।’ সূত্র: বিবিসি।