উন্মুক্ত টিটিতে আশিকুরের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কাছেই টেবিল টেনিসে হাতেখড়ি। আট বছর ধরে ‘ওস্তাদ’ রিপন খান খেলা শেখাচ্ছেন আশিকুর রহমানকে (পলাশ)। ওয়ালটন উন্মুক্ত টিটির পুরুষ এককের ফাইনালে কাল নিজের কোচকে হারিয়ে দিলেন ‘শিষ্য’ আশিকুর। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আশিকুর জিতেছেন ৪-৩ গেমে। আর বিআইএসসির মৌমিতা আলমকে (রুমি) ৪-০ গেমে হারিয়ে মহিলা এককে চ্যাম্পিয়ন আবাহনীর সোনম সুলতানা (সোমা)।
জুনিয়রে এর আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন আশিকুর। তবে সিনিয়রে এই প্রথম। ট্রফিটা হাতে নিয়ে বিস্মিত লালবাগের তরুণ, ‘আমার কাছে এই ফল অপ্রত্যাশিত। ভেবেছিলাম সেমিফাইনালেই হেরে যাব।’ কোনো স্পনসর নেই আশিকুরের। তবে অরুনিমা ক্লাবের হয়ে খেলেন বলে বল, ব্যাট, রাবার ও অনুশীলনের আনুষঙ্গিক খরচগুলো দিয়ে থাকেন ক্লাবের কর্মকর্তারা। মাহবুব বিল্লাহ, মোস্তফা বিল্লাহ, মানস, হ্যামলেটদের মতো সিনিয়ররা এবার খেলেননি। বাংলাদেশ গেমসের সোনাজয়ী হাসিবও ব্যর্থ। টুর্নামেন্টের চমক হয়েই দেখা দিলেন আশিকুর।
জুনিয়র বিভাগে ছিল বিকেএসপির আধিপত্য। গতবারের মতো এবারও বালক অনূর্ধ্ব-১৫ বিভাগে সেরা বিকেএসপি। তবে এবার নতুন চ্যাম্পিয়ন রিফাত মাহমুদ সাব্বির। রানারআপ আবদুল্লাহ সাকিব।