উন্মুক্তই রইল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমের এক কোনায় বিষণ্ন মনে বসে আছেন জিয়াউর রহমান। ভাঙা ডান হাত জোড়া লাগিয়ে ১৩ ম্যাচ পর বাংলাদেশ লিগে ফেরাটা এমন হতাশার হবে ভাবেননি আবাহনীর গোলরক্ষক। নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। বারবারই বলছিলেন, ‘...ওই সময় আমি পোস্ট না ছাড়লেই হয়তো ভালো হতো।’আবাহনীর কর্নার ফ্ল্যাগের পাশ দিয়ে বল যাচ্ছিল মাঠের বাইরে। পেছনে ছিলেন আবাহনীরই ডিফেন্ডার সামাদ। চাইলে বলটা সামাদই বাইরে পাঠাতে পারতেন। কিন্তু হঠাৎ পোস্ট ছেড়ে বেরিয়ে এলেন এতক্ষণ আস্থা নিয়ে খেলে যাওয়া জিয়া। দৌড়ে এসে বল বাইরে পাঠালেন তিনি! কিন্তু পোস্টে আর ফিরতে পারলেন না, মগার থ্রো-ইন থেকে বুকোলার পা ঘুরে রুশ ফরোয়ার্ড বরিসের পায়ে যেতেই গোল।আবাহনী-মুক্তিযোদ্ধা কালকের লিগ ‘ফাইনালে’ এটিই সবচেয়ে আলোচিত ঘটনা। এবং ম্যাচ শেষ পর্যন্ত ১-১। এতে ‘ক্ষতি’ হয়েছে দুই দলেরই। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকছে শেখ জামালই। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার ৪০, রাসেলের ৩৮। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট আবাহনীর। লিগটা ২২ ম্যাচের। শেখ জামাল তাদের বাকি চার ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। জামাল পয়েন্ট হারালে তবেই অন্য কেউ চ্যাম্পিয়ন হবে।সেটি মুক্তিযোদ্ধা, আবাহনী, এমনকি রাসেলও হতে পারে। চারটি দলই গায়ে গায়ে থাকায় লিগটা এখনো উন্মুক্তই। এ অবস্থায় আগামী পরশু জামালের বড় পরীক্ষা রাসেলের সঙ্গে। ওই ম্যাচে জামাল জিতলে তারা অনেক এগিয়ে যাবে, রাসেল জিতলে লিগ জমবে আরও। লিগটা এখন এমন জায়গায়, পাতানো ম্যাচ না হলে যেকোনো কিছুই ঘটতে পারে।খুব আকর্ষণীয় নয়, আবার ম্যাচটা ম্যাড়মেড়েও ছিল না। ম্যাচের পর ড্রেসিং রুমের সামনে ছিল বেশ উত্তেজনা। ওদিকে গ্যালারিতে দর্শক এসেছে হাতে গোনা। খেলোয়াড়দের জন্য সেটি বাড়তি কোনো উজ্জীবনী শক্তি হতে পারেনি। তবে খেলা দেখতে আসা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে জয় উপহার দেওয়ার একটা প্রেরণা ছিল মুক্তিযোদ্ধার। সেটি তারা পারল না।ম্যাচটা দারুণভাবে শুরু করল আবাহনী। প্রথম ২০ মিনিট আকাশি-নীলেরা ক্ষুরধার এক দল, এই সময়ে তারা গোল পায়নি ইব্রাহিম-রবিনদের নিশানা ভেদের ব্যর্থতায়। এদিন ইব্রাহিম-রবিনকে ওপরে রেখে নিচে নামিয়ে আনা হয় লিগে আবাহনীর গোল ভরসা ফ্রাঙ্ককে। তার পরও গোলের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়নি। ৩৮ মিনিটে আমিনুর পাসে দারুণ এক কোনাকুনি শটে গোল (১-০) করেন রবিন। শেখ জামালের সঙ্গে আবাহনীর শিরোপা দৌড়ে শীর্ষে থাকার আশাটা তখন বেশ উজ্জ্বল।কিন্তু ৪৯ মিনিটে গোল খাওয়ার পর দৃশ্যপট বদল। মাঠে আর সেভাবে খুঁজেই পাওয়া যায়নি আবাহনীকে। এর পর থেকে ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে মুক্তিযোদ্ধা এবং এগিয়েও যেতে পারত তারা। সুস্থ হয়ে ফিরে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা নজরকাড়া কিছু করতে না পারলেও তাঁর উপস্থিতি উজ্জীবিতই করেছে মুক্তিযোদ্ধাকে। তবে লিগের শীর্ষ দুই গোলদাতা মগা ও মিঠুন সহজ সুযোগ নষ্ট করায় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি।মুক্তির কোচ মারুফুল হক ছিলেন হতাশ, ‘চ্যাম্পিয়নশিপ এখন আর আমাদের হাতে নেই। “যদি”র ওপর ঝুলে গেল। আসলে এত সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা যায় না।’ আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির আক্ষেপ, ‘জিয়ার ভুলে হারলাম। বাজে গোল খেলে কিছু করার থাকে না।’আবাহনী: জিয়া, নজরুল, সামাদ, সৈকত, সিরাজী (অরূপ), মামুন মিয়া, সোহাগ, আমিনু, ফ্রাঙ্ক, রবিন (রনি), ইব্রাহিম।মুক্তিযোদ্ধা: বিপ্লব, রজনী (নাসির), টিটু, ড্যামি, মতিউর মুন্না, বুকোলা (রানা), ইয়ামিন, মারুফ, বরিস (জাহেদ), মগা, মিঠুন।পয়েন্ট তালিকা ম্যাচ জয় ড্র হার পয়েন্টশেখ জামাল ১৮ ১২ ৫ ১ ৪১মুক্তিযোদ্ধা ১৮ ১২ ৪ ২ ৪০শেখ রাসেল ১৮ ১১ ৫ ২ ৩৮ঢাকা আবাহনী ১৭ ১১ ৩ ৩ ৩৬ব্রাদার্স ইউনিয়ন ১৭ ৭ ৪ ৬ ২৫রহমতগঞ্জ ১৮ ৭ ৩ ৮ ২৪ঢাকা মোহামেডান ১৮ ৬ ৫ ৭ ২৩আরামবাগ ১৮ ৪ ৬ ৮ ১৮ফরাশগঞ্জ ১৮ ৩ ৬ ৯ ১৫ফেনী সকার ১৮ ২ ৮ ৮ ১৪চট্ট. মোহামেডান ১৮ ৩ ৪ ১১ ১৩চট্ট. আবাহনী ১৮ ০ ৫ ১৩ ৫