উন্মুক্তে মুক্ত ভারতীয় চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে একগুচ্ছ উসাইন বোল্ট! ভারতীয় যুবাদের সৌজন্যে কাল টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে দেখা পাওয়া গেল বোল্টের সেই বিখ্যাত উদ্যাপন। অনেকের হয়তো মনে আছে, সিনিয়র দলও একই রকম উদ্যাপনের ভঙ্গিতে ক্যামেরায় ধরা পড়েছিল গত ২০১১ বিশ্বকাপের সময়। পার্থক্য হলো, ধোনি-রায়নারা সেবার শূন্যে অদৃশ্য তির ছুড়েছিলেন শিরোপা জেতার আগে। কাল চান্দ-অপরাজিৎরা ক্যামেরাবন্দী হলেন বিশ্বকাপ জয়ের পর। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ৬ উইকেটের এই জয় ভারতকে এনে দিয়েছে যুব বিশ্বকাপের তৃতীয় শিরোপা। এর আগে ২০০০ ও ২০০৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।ভারতের এই জয়ে দারুণ এক সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক উন্মুক্ত চান্দ। ১৪ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছেড়েছেন দিল্লির এই তরুণ। ১ উইকেটে ৭৫ থেকে হুট করে ৯৭/৪ হয়ে যাওয়া ভারতকে উদ্ধার করেছেন তিনি (১১১*) আর স্মিত প্যাটেল (৬২*)। পঞ্চম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটির কাছেই বৃথা গেছে উইলিয়াম বসিস্টোর আরেকটি দুর্দান্ত ইনিংস। ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে টেনে তুলেছেন বসিস্টোই। অস্ট্রেলিয়া মোটামুটি লড়াই করার পুঁজি (২২৫/৮) পেয়েছিল তাঁর অপরাজিত ৮৭ রানের ইনিংসটির কল্যাণে। ছয় ইনিংসের পাঁচটিতেই অপরাজিত থাকায় টুর্নামেন্টে বসিস্টোর ব্যাটিং গড় ২৭৬! এটাও অবশ্য কোনো সান্ত্বনা হতে পারছে না বসিস্টোর কাছে।বসিস্টো অবশ্য একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে। দল ভালো করলে এই পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারতেন বাংলাদেশ দলের অধিনায়ক আনামুল হকও। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬৫ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটো সেঞ্চুরির কৃতিত্বও তাঁর। শেষ পর্যন্ত অবশ্য সব আলো কেড়ে নিচ্ছেন চান্দই। বিশ্বকাপ ট্রফির আগেই ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার হাতে তোলা চান্দ উত্তেজনায় রীতিমতো কাঁপছিলেন। ২০১০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের যুবারা তখন ডুবে ছিলেন বিষাদে। ওয়েবসাইট।