উপকমিটি নিয়ে বাফুফেতে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সেভাবে কাজই শুরু করেনি বাফুফের নতুন কমিটি। এর আগেই কাল দেখা গেল উপকমিটি গঠন নিয়ে পদত্যাগ-নাটক। নির্বাচনের ১১ দিন পর এদিন নতুন কমিটির প্রথম সভায় আটটি উপকমিটির চেয়ারম্যানের নাম ঠিক হয়েছে। এ নিয়ে ক্ষোভ-হতাশা বেরিয়ে পড়ল প্রকাশ্যে। নতুন কমিটির শুরুর আলামতটা তাই ভালো ঠেকেনি অনেকের কাছেই। তিন সহসভাপতি পেয়েছেন গুরুত্বপূর্ণ ‘মন্ত্রণালয়’। কাজী নাবিল আহমেদ ও বাদল রায়ের মধ্যে হয়েছে পাল্টাপাল্টি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি পেয়েছেন কাজী নাবিল, বাদল রায় উন্নয়ন কমিটি। তাবিথ আউয়ালকে দেওয়া হয়েছে প্রতিযোগিতা কমিটির দায়িত্ব। কিন্তু আরেক সহসভাপতি আরিফ খান (জয়) পেয়েছেন ক্লাব চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এটি উপকমিটি নয়। এক অর্থে প্রতিযোগিতা কমিটিরই অধীন ক্লাব চ্যাম্পিয়নশিপ। এখানে বিভাজন হয়েছে দাবি করে আরিফ খান দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন। একপর্যায়ে প্রস্তাবিত কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগও করেন, যদিও পরে তা স্থগিত করেছেন।বাফুফের গত কমিটির সময় সারা দেশের ক্লাবগুলো নিয়ে প্রথম ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হয়েছিল। তখন ওই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন বিদায়ী সহসভাপতি শওকত আলী খান। এরপর আর টুর্নামেন্টটা হয়নি। এখন নতুন করে সেটি শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এটিরই দায়িত্ব দেওয়া হয়েছে আরিফকে। কিন্তু এ নিয়ে সভাতেই আরিফ খান অসন্তোষ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের কাছেও গোপন করেননি ক্ষোভ, ‘কাজ বণ্টনে খুশি নই। নির্বাচিত হয়ে এসেছি কাজ করার জন্য। ক্লাব চ্যাম্পিয়নশিপের কাজের ক্ষেত্র অনেক ছোট। কাজের আরও বড় ক্ষেত্র চাই। ক্লাব চ্যাম্পিয়নশিপ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি সভাপতিকে। সভাপতি বলেছেন, আর কী কাজ দেওয়া যায়, সেটা তিনি দেখবেন। সেই আশ্বাসেই আপাতত চুপ থাকব। নইলে ওই কমিটির দায়িত্ব নেব না।’অভিমান ভুলে বাফুফেতে এসেছেন বাদল রায়। তিনি খুশি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়ে। এই কমিটি নিয়েই কাজ করতে তিনি আগ্রহী ছিলেন। বাদল রায় বললেন, ‘আমি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নিচ্ছি একটা শর্তে। বাফুফেতে যত টাকা আসবে তার শতকরা ২০ ভাগ রাখতে হবে উন্নয়ন খাতে।’ জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর হাতে এবারও থাকছে বাংলাদেশ লিগ কমিটি। সঙ্গে অর্থ কমিটিও। ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটি পেয়েছেন শেখ মারুফ হাসান। মহিলা কমিটি যথারীতি সিরাজুল ইসলামের হাতে। মাঠ কমিটির প্রধানও অপরিবর্তিত—ফজলুর রহমান।